ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

আত্রাই নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ০৩ জুন, ২০২৬ সময় : ৬:০২ পিএম

দিনাজপুরের খানসামা উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে নেমে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন আপন দুই ভাই। বুধবার (৩ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কালিরবাজার ঘাট এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে নিভে যায় দুটি প্রাণ। এ ঘটনায় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

নিহতরা হলেন রাজধানী ঢাকার মিরপুর-১১ এলাকার বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের দুই ছেলে মান্না ইসলাম (৪৫) ও সাদ্দাম হোসেন (৩২)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সাদ্দাম হোসেন তার পরিবার নিয়ে শ্বশুরবাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী গ্রামে বেড়াতে আসেন। বুধবার সকালে দুই ভাইসহ পরিবারের সদস্যরা খানসামা উপজেলার জোয়ার এলাকায় একটি লিচু বাগানে লিচু কিনতে যান। ফেরার পথে তারা কালিরবাজার ঘাটে আত্রাই নদীতে গোসল করার জন্য নামেন।

নদীতে নামার পর একপর্যায়ে মান্না ইসলামের দুই ছেলে সজীব (১৬) ও নুর আলম (১২) নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও মান্না ইসলাম ও সাদ্দাম হোসেন নদীর গভীর অংশে চলে গিয়ে তলিয়ে যান। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শুরু হয় উদ্ধার তৎপরতা।

খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর দুপুর ২টা ১৫ মিনিটে মান্না ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। এরপর রংপুর থেকে আসা ডুবুরি দল উদ্ধার কার্যক্রমে যোগ দিলে বিকেল ৩টা ৩৫ মিনিটে সাদ্দাম হোসেনের মরদেহও উদ্ধার করা সম্ভব হয়।

স্থানীয়দের দাবি, বর্তমানে নদীতে পানির পরিমাণ তুলনামূলক কম থাকলেও কালিরবাজার ঘাট সংলগ্ন এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে নদীর তলদেশে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। তাদের ধারণা, গোসলের সময় অসাবধানতাবশত ওই গভীর গর্তে পড়ে যাওয়ায় দুই ভাই আর পানির ওপর ভেসে উঠতে পারেননি।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রমে অংশ নিলে দ্বিতীয় মরদেহটিও উদ্ধার করা সম্ভব হয়।

খানসামা থানার অফিসার ইনচার্জ আব্দুল বাসেত সরকার বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

একসঙ্গে দুই ভাইয়ের এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা এখনও এই মর্মান্তিক ঘটনা মেনে নিতে পারছেন না। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কালিরবাজার ঘাটের পরিবেশ।


এ সম্পর্কিত আরো খবর