শিবগঞ্জ-মোকামতলা প্রতিনিধিঃ
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার দেউলী উচ্চ বিদ্যালয় থেকে ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এ উপজেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য বিষয়ভিত্তিক শিক্ষককে বাদ দিয়ে শরীরচর্চা ও বাংলা বিষয়ের দুই শিক্ষককে মনোনয়ন দিয়ে শিক্ষা অফিসে তালিকা পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।
প্রধান শিক্ষক পীযুষ কান্তি সাহা স্বাক্ষরিত তালিকায় পাঁচজন শিক্ষার্থীর সঙ্গে শরীরচর্চা শিক্ষক দুলালুর রহমান এবং বাংলা বিভাগের শিক্ষক আবু বক্কর সিদ্দিকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রস্তুত ও উপস্থাপনায় সহযোগিতা করবেন বলে উল্লেখ রয়েছে।
জানা গেছে, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তার বিকাশ এবং সুশিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ‘পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম’ পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার প্রদানের লক্ষ্যে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে ‘স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী’ অনুষ্ঠিত হবে।
প্রদর্শনীতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাঁচজন শিক্ষার্থী ও দুইজন শিক্ষকের সমন্বয়ে একটি দল অংশ নেবে। শিক্ষকরা শিক্ষার্থীদের প্রকল্প নির্বাচন, বাস্তবায়ন প্রক্রিয়া, ধারণা প্রদান, তত্ত্বাবধান ও প্রয়োজনীয় সহযোগিতা করবেন। অন্যদিকে শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করবে।
বিজ্ঞানভিত্তিক প্রকল্পে শরীরচর্চা ও বাংলা বিষয়ের শিক্ষক কতটা কার্যকরভাবে শিক্ষার্থীদের সহায়তা করতে পারবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন অভিভাবকরা। তাদের মতে, প্রকল্পের বিষয়বস্তু ও প্রযুক্তিগত দিক সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় দিকনির্দেশনা থেকে বঞ্চিত হতে পারে।
এ বিষয়ে প্রধান শিক্ষক পীযুষ কান্তি সাহা বলেন, “ভুলবশত বিষয়ভিত্তিক শিক্ষকের নাম বাদ দিয়ে তালিকা পাঠানো হয়েছিল। পরে তালিকা সংশোধন করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেওয়া হয়েছে।”