ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

টাঙ্গুয়ার হাওরে পরিবেশ দিবসে বিশেষ অভিযান, হাউসবোটকে জরিমানা


  • আপলোড সময় : শনিবার ০৬ জুন, ২০২৬ সময় : ৪:০১ পিএম

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সুনামগঞ্জের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) টাঙ্গুয়ার হাওরে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ এবং পরিবেশ দূষণের দায়ে একটি হাউসবোটকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয় এবং তাহিরপুর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে টাঙ্গুয়ার হাওরে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সংরক্ষিত এলাকার পরিবেশগত অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি পর্যটন কার্যক্রমে পরিবেশবিধি মানা হচ্ছে কি না, তাও যাচাই করা হয়।

অভিযান চলাকালে দেখা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৫ লঙ্ঘন করে একটি হাউসবোট টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত অংশে প্রবেশ করেছে। এ কারণে হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশের ক্ষতির আশঙ্কা সৃষ্টি হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাউসবোটটির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আদালতের কার্যক্রম পরিচালনায় তাহিরপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ বিষয়ে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রমও চালানো হয়। হাওরে অবস্থানরত বিভিন্ন হাউসবোটের চালক, সুকানি এবং পর্যটকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় পর্যটকদের হাওরে প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য না ফেলার অনুরোধ জানানো হয়। পাশাপাশি উচ্চস্বরে মাইক, স্পিকার কিংবা শব্দদূষণ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি এবং এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার সাইট। এখানে নানা প্রজাতির জলজ উদ্ভিদ, দেশীয় ও অতিথি পাখি, মাছ এবং অন্যান্য প্রাণীর আবাসস্থল রয়েছে। তাই এই এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি।

পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, “রামসার সাইট ও ইসিএভুক্ত টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জলজ উদ্ভিদ এবং জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশবিধি লঙ্ঘনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় সচেতন মহলও টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। তাদের মতে, অনিয়ন্ত্রিত পর্যটন, শব্দদূষণ ও বর্জ্য ফেলার কারণে হাওরের পরিবেশ হুমকির মুখে পড়তে পারে। তাই প্রশাসনের নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

বিশ্ব পরিবেশ দিবসে পরিচালিত এ অভিযান টাঙ্গুয়ার হাওরের পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


এ সম্পর্কিত আরো খবর