ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

মাধবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝরল তিন প্রাণ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ সময় : ৫:১০ পিএম

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। গুরুতর আহত লিটন মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে এ মর্মান্তিক দুর্ঘটনায় আরও একটি প্রাণ ঝরে যায়।

নিহত লিটন মিয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের লাউয়া মিয়ার ছেলে। দুর্ঘটনার পর তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বুধবার সকাল সোয়া ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় রতনপুর থেকে মাধবপুরগামী একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক আক্কাস মিয়া।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা ও প্রয়াত মৃত্তিকা বিজ্ঞানী ড. কামরুল আহসানের স্ত্রী মনোয়ারা বেগম।

এ ঘটনায় আহত হয়েছেন প্রাণ-আরএফএল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক তাহমিনা আহসান এবং তার ছেলে আয়ান আহমেদ। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, দুর্ঘটনার অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মুহূর্তেই শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। নিহতদের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এ দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির ঘটনায় মাধবপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দুর্ঘটনার কারণ তদন্তের দাবি জানিয়েছেন।

একটি মুহূর্তের দুর্ঘটনা তিনটি পরিবারকে শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে। স্বজন হারানোর বেদনা আর আহতদের অনিশ্চয়তা এখন পুরো এলাকাজুড়ে বিষাদের আবহ তৈরি করেছে।


এ সম্পর্কিত আরো খবর