ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

কুমিল্লা শত বছরের পুরোনো বসতবাড়ি ও রাস্তা দখল করে ভবন নির্মাণে প্রতিবাদ


  • আপলোড সময় : সোমবার ১৫ জুন, ২০২৬ সময় : ৮:৫৩ পিএম

মোহাম্মদ বাকী অনিক, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কুচাইতলী এলাকায় শত বছরের পুরোনো একটি চলাচলের রাস্তা দখল করে ভবন নির্মাণের চেষ্টার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১৫ জুন) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নারী, পুরুষ ও শিশুসহ শতাধিক মানুষ অংশ নেন।

স্থানীয়দের দাবি, কুচাইতলী এলাকার শতাধিক পরিবারের একমাত্র চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই রাস্তা। দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও বিভিন্ন ধরনের যানবাহন এ পথ ব্যবহার করে আসলেও সম্প্রতি রাস্তার একটি অংশ দখল করে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পুরো এলাকা প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা রাস্তা দখলের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রায় একশ বছর ধরে এলাকাবাসী ওই রাস্তা ব্যবহার করে আসছেন। এটি শুধু একটি রাস্তা নয়, বরং শতাধিক পরিবারের দৈনন্দিন জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, অসুস্থ রোগী এবং জরুরি প্রয়োজনে চলাচলকারী সবাই এ পথের ওপর নির্ভরশীল।

স্থানীয় বাসিন্দা সীমা আক্তার বলেন, “এই রাস্তা বন্ধ হয়ে গেলে শতাধিক পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হবে। আমাদের সন্তানদের স্কুলে যাওয়া, অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াসহ দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা আমাদের পূর্বপুরুষদের ব্যবহৃত এই রাস্তা ফিরে চাই।”

একই অভিযোগ তুলে শতবর্ষ ধরে ওই এলাকায় বসবাসকারী হাসনেয়ারা বেগম বলেন, “এটি শতবর্ষী পুরোনো রাস্তা। আগে এখানে বাউন্ডারি ছিল। এখন তারা সেই বাউন্ডারি ভেঙে চলাচলের রাস্তা কেটে দখল করে দালান নির্মাণ করছে। আমরা তাদেরকে বুঝিয়েছি, চলাচলের রাস্তা ছেড়ে দালানের কাজ করতে।”

স্থানীয় বাসিন্দা ওমর ফারুক বলেন, “শত বছর ধরে আমরা এই রাস্তা ব্যবহার করে আসছি। তাদের যে দলিল রয়েছে, সেই দলিলের মধ্যেও এই রাস্তার উল্লেখ আছে। এই রাস্তা দিয়ে আমরা চলাচল করতে গেলে তাদের সঙ্গে প্রায়ই বিরোধের সৃষ্টি হয়।”

এলাকাবাসীর অভিযোগ, রাস্তার জায়গা দখলের চেষ্টা নিয়ে প্রতিবাদ করলে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। অনেকেই দাবি করেন, বিষয়টি দীর্ঘদিন ধরে চললেও এখন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ায় সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।

এদিকে সংশ্লিষ্ট ভূমি নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকেও আদালতে মামলা করা হয়েছে। মামলার নথি অনুযায়ী, কুচাইতলী মৌজার বিএস ২১১/৮৯৭ দাগভুক্ত ১৭ শতক ভূমি দীর্ঘদিন ধরে জনসাধারণের ব্যবহার্য রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

জেলা প্রশাসনের দাবি, জমিটি প্রকৃতপক্ষে সরকারি সম্পত্তি হলেও জরিপের সময় ভুলবশত বিএস ২৯৭ নম্বর খতিয়ানে ব্যক্তিমালিকানাভুক্ত হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এ কারণে জমিটির মালিকানা ও ব্যবহার নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

মামলার নথিতে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে ভূমিটি সরকার মালিক ও দখলকার হিসেবে ভোগদখলে রয়েছে এবং স্থানীয় জনগণসহ বিভিন্ন ধরনের যানবাহন নিয়মিত এ পথ ব্যবহার করে থাকে। ফলে জনসাধারণের ব্যবহৃত একটি রাস্তা ব্যক্তিমালিকানার দাবি করে দখলের চেষ্টা করা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি জনপথ হঠাৎ করে বন্ধ হয়ে গেলে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়বে। বিশেষ করে জরুরি চিকিৎসাসেবা, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং দৈনন্দিন প্রয়োজনীয় কাজকর্মে চরম দুর্ভোগ সৃষ্টি হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে গফুর ভূঁইয়া বলেন, “আমি রাস্তার জন্য কোনো জায়গা দেব না। তারা যা করার করুক। কোন দিক দিয়ে চলাচল করবে, সেটা আমার জানার বিষয় নয়।”

তার এমন বক্তব্যে এলাকাবাসীর মধ্যে আরও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, বিষয়টি দ্রুত সমাধান না হলে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে।

এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, শত বছরের পুরোনো এই চলাচলের রাস্তা দখলমুক্ত করা না হলে শতাধিক পরিবার চরম ভোগান্তির মুখে পড়বে। তারা দ্রুত তদন্ত করে জনস্বার্থে রাস্তা সংরক্ষণের দাবি জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল মনে করছে, সরকারি ও জনসাধারণের ব্যবহৃত ভূমি নিয়ে চলমান বিরোধ দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের বিরোধ আরও জটিল আকার ধারণ করতে পারে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তে পারে।


এ সম্পর্কিত আরো খবর