ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

খানসামায় ৩ হাজার ৫০০ কৃষক পেলেন কৃষি প্রণোদনা


  • আপলোড সময় : সোমবার ২২ জুন, ২০২৬ সময় : ৫:২৮ পিএম

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধান, হাইব্রিড কাঁচামরিচ, শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩ হাজার ৫০০ কৃষকের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

সোমবার (২২ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং অধিক ফলন নিশ্চিত করার লক্ষ্যেই সরকারের এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সংবাদকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের হাতে পর্যায়ক্রমে বীজ, চারা ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতকে আরও শক্তিশালী করার বিকল্প নেই। এ লক্ষ্যেই সরকার নিয়মিতভাবে কৃষকদের জন্য বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব সহায়তার ফলে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণ হবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও বলেন, সময়মতো উন্নতমানের বীজ ও সার কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার মাধ্যমে মৌসুমভিত্তিক চাষাবাদে ইতিবাচক পরিবর্তন আসছে। এতে একদিকে যেমন কৃষকের আর্থিক চাপ কমছে, অন্যদিকে কৃষি উৎপাদনও টেকসইভাবে বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে কৃষকরা আরও উৎসাহ নিয়ে কৃষিকাজে অংশ নেবেন।

বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া কৃষকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে কৃষি উপকরণ পাওয়ায় তাদের চাষাবাদের খরচ অনেকটাই কমবে। একই সঙ্গে উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় সার ব্যবহারের মাধ্যমে ভালো ফলনের প্রত্যাশাও করছেন তারা।


এ সম্পর্কিত আরো খবর