ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

মাধবপুরে নিখোঁজের জেরে বাড়িতে হামলা, অগ্নিসংযোগ


  • আপলোড সময় : সোমবার ২২ জুন, ২০২৬ সময় : ৫:৫১ পিএম

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ফুয়াদ হাসান সাকিব নামে এক ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে অপর একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, নিখোঁজের অভিযোগ এবং অগ্নিসংযোগ—দুই ঘটনাই তদন্তাধীন রয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

সোমবার (২২ জুন) সকালে উপজেলার রাজেন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সাকিবের অনুসারী হিসেবে পরিচিত মাজহারুল ইসলাম নামে এক যুবকের নেতৃত্বে সোয়াবই গ্রামের কয়েকজন রাজেন্দ্রপুর গ্রামের মাহফুজ মিয়ার বাড়িতে যান। একপর্যায়ে সেখানে হামলা, ভাঙচুর এবং পরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও স্থাপনায় ভাঙচুর চালানো হয়। পরে দাহ্য পদার্থ ব্যবহার করে ভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাড়ির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, ফুয়াদ হাসান সাকিব নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এ উত্তেজনার সৃষ্টি হয়। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ হামলা হয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ, সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নে দীর্ঘদিন ধরে মাদকসংক্রান্ত নানা অভিযোগ রয়েছে। তারা এসব অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সমাজে মাদকের বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, "সাকিব নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে। একই সঙ্গে মাহফুজ মিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও তদন্ত করা হচ্ছে।"

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, "অপহরণ এবং অগ্নিসংযোগ—উভয় ঘটনাকেই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকে আইনের ঊর্ধ্বে রাখা হবে না।"

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর