নড়াইল প্রতিনিধি
ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বুধবার (২৪ জুন) সকাল ১১টায় নড়াইল শহরের আদালত সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশ নিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রশিদ লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাজু আহমেদ রাজীব, নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক খায়রুল আরেফিন রানা, কাজী হাফিজুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গত মঙ্গলবার (২৩ জুন) ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল শেষে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা আরও বলেন, সংবাদ সংগ্রহ ও পরিবেশনের স্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকরা জনগণের তথ্য জানার অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেন। তাদের ওপর হামলা কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের ওপরও আঘাত। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। এছাড়া স্থানীয় সচেতন নাগরিকরাও সাংবাদিকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
বক্তারা বলেন, ভবিষ্যতে যেন কোনো সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে হামলা বা হয়রানির শিকার না হন, সে জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
আকাশজমিন / আরআর