ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বৈষম্য দূর করতে বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা


  • আপলোড সময় : বুধবার ২৪ জুন, ২০২৬ সময় : ৭:৩৭ পিএম

ক্রীড়া প্রতিবেদক

আগামী ২৮ জুন থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত নকআউট পর্ব। আর এই মহোৎসব শুরুর ঠিক আগমুহূর্তে ফুটবলের অন্যতম স্নায়ুচাপের অধ্যায় ‘টাইব্রেকার’-এর একটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তনের তোড়জোড় শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্ট চলাকালীনই এই ঐতিহাসিক পরিবর্তন কার্যকর করার বিষয়টি এখন টেবিলের শীর্ষ আলোচনায়।

বর্তমান আন্তর্জাতিক ফুটবল নিয়ম অনুযায়ী, ম্যাচ টাইব্রেকারে গড়ালে রেফারিকে পরপর দুটি কয়েন টস করতে হয়। প্রথম টসের মাধ্যমে নির্ধারিত হয় কোন দল পেনাল্টি শ্যুটআউটে আগে শট নেবে। আর দ্বিতীয় টসের মাধ্যমে ঠিক করা হয় মাঠের কোন প্রান্তের গোলপোস্টে শট নেওয়া হবে। ফিফা এখন এই দুই টসের প্রথা ভেঙে মাত্র একটি টসের নতুন নিয়ম প্রবর্তন করতে চাচ্ছে।

প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচে কেবল একবারই কয়েন টস করা হবে। টসে জয়ী অধিনায়ক দুটি সুবিধার যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ পাবেন—হয় তিনি নিজের দলকে মানসিকভাবে এগিয়ে রাখতে আগে শট নেওয়ার সিদ্ধান্ত দেবেন, না হয় নিজেদের সুনির্দিষ্ট গ্যালারির সমর্থকদের সামনে টাইব্রেকার করার প্রান্ত বেছে নেবেন। জয়ী দল একটি সুবিধা বেছে নেওয়ার পর বাকি সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে টসে হেরে যাওয়া দল পেয়ে যাবে।

কিন্তু কেন এই আকস্মিক পরিবর্তনের ভাবনা?

বিদ্যমান দুই টসের নিয়মে এক ধরণের প্রচ্ছন্ন বৈষম্য বা অসুবিধা রয়ে গেছে। অনেক সময় দেখা যায়, ভাগ্য সহায় থাকায় একটি দল পরপর দুটি টসেই জিতে যায়। এর ফলে তারা যেমন প্রথমে শট নেওয়ার মানসিক সুবিধা পায়, ঠিক তেমনি নিজেদের চেনা গ্যালারির দর্শকদের সামনে শট নেওয়ার বাড়তি অনুপ্রেরণাও পেয়ে বসে। বিপরীত দিকে, অন্য দলটির কপালে জোটে দ্বিগুণ অসুবিধা।

সদ্য সমাপ্ত উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এমন দুর্ভাগ্যের শিকার হয়েছিল ইংলিশ জায়ান্ট আর্সেনাল। পিএসজির বিপক্ষে শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে গানার্সরা দুই টসেই হেরে বসে। ফলে টাইব্রেকারের শুরুতেই মানসিকভাবে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত তারা শিরোপাও হাতছাড়া করে।

মাঠের এই একচেটিয়া ভাগ্য নির্ধারণী বৈষম্য দূর করতেই ফিফা মূলত নড়েচড়ে বসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ নিশ্চিত করেছে, বিশ্ব ফুটবলের আইন প্রণেতা সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড’ (আইএফএবি)-এর সাথে এই বিষয়ে ইতিমধ্যেই নীতিগত আলোচনা সেরে ফেলেছে ফিফা।

ফুটবলীয় বিভিন্ন গবেষণায় দেখা গেছে, টাইব্রেকারে যে দল প্রথম শট নেয়, তাদের জয়ের হার তুলনামূলকভাবে বেশি থাকে। আবার চেনা দর্শকদের গর্জন পেনাল্টি টেকারের আত্মবিশ্বাস বাড়াতে এবং প্রতিপক্ষের গোলরক্ষককে স্নায়ুচাপে ফেলতে বড় ভূমিকা রাখে। ফিফার ধারণা, এক টসের নিয়ম চালু করলে মাঠের লড়াইয়ে দুটি দলের মধ্যেই এক ধরণের ভারসাম্য বজায় থাকবে, যা কোনো দলকে একচেটিয়া বাড়তি সুবিধা দেবে না। সব ঠিক থাকলে নকআউট পর্ব শুরুর আগেই আগামী দুই-একদিনের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

  আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর