দেশের ১৬টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে তীব্র ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ আবহাওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ো হাওয়ার পাশাপাশি এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল শঙ্কা রয়েছে।
ঝড়ের পূর্বাভাস থাকা জেলাগুলোর মধ্যে রয়েছে— রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। সম্ভাব্য দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে এই ১৬টি অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত জারি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।