গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই সুদূরপ্রসারী ও সময়োপযোগী প্রতিপাদ্যকে ধারণ করে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গলাচিপা শাখার যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি, তাৎপর্যপূর্ণ আলোচনা সভা, বিআরডিবি সদস্যদের মাঝে বিশেষ ঋণ হস্তান্তর, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও ফলদ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গলাচিপা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বাবুল গাজীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপি’র পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিশেষ প্রতিনিধি মো. আবু নাঈম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সগীর হোসেন এবং গলাচিপা থানার দায়িত্বশীল প্রতিনিধি উপপরিদর্শক (এসআই) সোহান আহমেদ।
এছাড়াও রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যক্ষ মো. আবদুল জব্বার খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশ্রাফুজ্জামান এবং মো. মনিরুজ্জামান নেছার রাড়ীসহ আরও অনেকে। এই মহতী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুধী সমাজ এবং পল্লী উন্নয়ন বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বিআরডিবি অনন্য ভূমিকা পালন করে আসছে। এই ধারাবাহিকতা বজায় রেখে পল্লী অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত করতে হবে।
সভার সমাপনী পর্বে বেইজ বিল্ড ডিজিটাল মাধ্যমিক বিদ্যালয় এবং বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষার্থীদের মাঝে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিশু-কিশোরদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও পরিবেশবান্ধব ফলদ গাছের চারা তুলে দেওয়া হয়। একই সাথে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল ও স্বাবলম্বী করার লক্ষ্যে বিআরডিবির তালিকাভুক্ত ২৩ জন উদ্যোক্তা ও সদস্যের মাঝে মোট ১৮ লাখ টাকার আত্মকর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনমুখী লোন বা ঋণ চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।