ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই ফ্রান্সের মুখোমুখি মরক্কো


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৯ জুলাই, ২০২৬ সময় : ৫:৩২ পিএম

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে উজ্জীবিত মরক্কো। ম্যাচের আগে দলের প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি স্পষ্ট করে জানিয়েছেন, তাদের লক্ষ্য শুধু কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনালে ওঠা নয়, বরং বিশ্বকাপের শিরোপা জেতা।

শুক্রবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই কোয়ার্টার ফাইনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মোহাম্মদ ওয়াহবি বলেন, ফ্রান্সকে চমকে দেওয়ার মতো কোনো গোপন কৌশল তাদের নেই। দুই দলই একে অপরের খেলার ধরন সম্পর্কে ভালোভাবে জানে। তাই মাঠে যে দল নিজেদের পরিকল্পনা সবচেয়ে কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারবে, তারাই জয় নিয়ে মাঠ ছাড়বে।

তিনি বলেন, মরক্কো রক্ষণাত্মক মানসিকতা নিয়ে খেলতে চায় না। বরং বলের নিয়ন্ত্রণ ধরে রেখে ধৈর্যের সঙ্গে আক্রমণ গড়ে তোলাই তাদের মূল পরিকল্পনা। বিশেষ করে মাঝমাঠ এবং দুই প্রান্তের ফাঁকা জায়গা কাজে লাগিয়ে ফ্রান্সের রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে চান তারা।

২০২২ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হারের প্রসঙ্গও ওঠে সংবাদ সম্মেলনে। তবে সেই ম্যাচকে বর্তমান লড়াইয়ের সঙ্গে তুলনা করতে রাজি নন ওয়াহবি। তার ভাষ্য, চার বছর আগের দল এবং বর্তমান দলের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। খেলোয়াড়, কৌশল ও বাস্তবতা—সবকিছুই ভিন্ন। তাই অতীত নয়, পুরো মনোযোগ এখন শুধুই আসন্ন ম্যাচে।

ফ্রান্সকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে স্বীকার করলেও তাদের নিয়ে কোনো ভীতি নেই বলে জানিয়েছেন মরক্কোর কোচ। তিনি বিশ্বাস করেন, খেলোয়াড়রা যদি নিজেদের সেরাটা দিতে পারেন, তাহলে যে কোনো প্রতিপক্ষকে হারানো সম্ভব।

বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়েও স্পষ্ট অবস্থান তুলে ধরেন ওয়াহবি। তিনি বলেন, অনেকেই কোয়ার্টার ফাইনালে ওঠাকেই মরক্কোর বড় সাফল্য হিসেবে দেখছেন। কিন্তু দলের ভেতরে সেই মানসিকতা নেই। তারা বিশ্বকাপে অংশ নিয়েছে সর্বোচ্চ লক্ষ্য নিয়ে এবং সেই লক্ষ্য হলো ট্রফি জয়।

তিনি আরও বলেন, টুর্নামেন্ট শেষ হওয়ার আগে কোনো অর্জন উদযাপন করতে চান না তারা। কারণ এখনও সামনে কঠিন পথ বাকি। শেষ পর্যন্ত সফল হতে হলে প্রতিটি ম্যাচেই সর্বোচ্চ মনোযোগ ও আত্মনিবেদন প্রয়োজন।

ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে খেলোয়াড়দের শতভাগেরও বেশি উজাড় করে দেওয়ার আহ্বান জানিয়েছেন ওয়াহবি। ম্যাচ শেষে যেন কোনো আফসোস না থাকে, সে লক্ষ্য নিয়েই সবাইকে মাঠে নিজের সর্বোচ্চ সামর্থ্য প্রদর্শনের নির্দেশ দিয়েছেন তিনি।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুঃসংবাদও পেয়েছে মরক্কো। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ইসমাইল সাইবারি ফ্রান্সের বিপক্ষে খেলতে পারবেন না। যদিও কোচ ওয়াহবি আশা প্রকাশ করেছেন, টুর্নামেন্টের পরবর্তী ধাপে তাকে আবার দলে পাওয়া যেতে পারে, যদি মরক্কো পরের পর্বে জায়গা নিশ্চিত করতে সক্ষম হয়।


এ সম্পর্কিত আরো খবর