ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

ট্রফি নয়, ম্যাচসেরার পুরস্কার ডিম, দুধ আর ১০০টি গাজর


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৯ জুলাই, ২০২৬ সময় : ৬:২১ পিএম

স্পোর্টস ডেস্ক

ফুটবল ম্যাচে সেরা খেলোয়াড়ের হাতে সাধারণত ট্রফি, মেডেল কিংবা অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়। তবে এই প্রচলিত রীতির বাইরে গিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নরওয়ের ক্লাব ব্রিনে এফকে। সেখানে ম্যাচসেরা খেলোয়াড়কে পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে ডিম, দুধ, শসা, গাজর এমনকি ভেড়ার বাচ্চাও।

বিশ্ব ফুটবলে এই ক্লাবটির আরেকটি বিশেষ পরিচয় রয়েছে। ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড পেশাদার ফুটবলে প্রথম যাত্রা শুরু করেছিলেন এই ব্রিনে এফকের জার্সি গায়ে।

সম্প্রতি দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হন স্ট্রাইকার আলফ্রেড স্ক্রিভেন। তবে তার দুর্দান্ত খেলার চেয়েও বেশি আলোচনায় এসেছে ম্যাচ শেষে পাওয়া পুরস্কার। ট্রফি বা অর্থের পরিবর্তে তার হাতে তুলে দেওয়া হয় ১০০টি তাজা গাজর।

এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কয়েক মাস ধরেই ব্রিনে এফকে ধারাবাহিকভাবে স্থানীয় কৃষিপণ্য দিয়েই ম্যাচসেরা খেলোয়াড়দের সম্মানিত করে আসছে। কখনও কার্টন ভর্তি ডিম, কখনও কয়েক লিটার খাঁটি দুধ, কখনও শতাধিক শসা, আবার কখনও ভেড়ার বাচ্চাও পুরস্কার হিসেবে পেয়েছেন ফুটবলাররা।

এর আগে ২০২৫ সালের মার্চে নরওয়েজিয়ান লিগের এক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে পেনাল্টি ঠেকিয়ে দলকে জয় এনে দেন গোলরক্ষক ইয়ান ডি বুর। সেই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তাকে উপহার দেওয়া হয় ১২০টি ডিম।

এর কয়েক দিন পর মিডফিল্ডার লাসে কুইগস্তাদ ম্যাচসেরা হয়ে পান কয়েক ডজন লিটার দুধ। আর গত জুনে আরেক ফুটবলারকে দেওয়া হয়েছিল ১০০টি তাজা শসা।

ক্লাবটির এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনে রয়েছে স্থানীয় ঐতিহ্য ও পরিচয় তুলে ধরার লক্ষ্য। ইউরোপের শীর্ষ লিগগুলোর তুলনায় নরওয়ের ফুটবল লিগকে অনেক সময় ব্যঙ্গ করে ‘ফার্মার্স লিগ’ বা ‘কৃষকদের লিগ’ বলা হয়। যেখানে অনেক ক্লাব এমন মন্তব্যে বিরক্ত হয়, সেখানে ব্রিনে এফকে সেই পরিচয়কেই ইতিবাচকভাবে গ্রহণ করেছে।

নরওয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়ারেন অঞ্চল কৃষি উৎপাদনের জন্য সুপরিচিত। স্থানীয় কৃষকদের প্রতি সম্মান জানাতে এবং তাদের উৎপাদিত পণ্যের প্রচারে ক্লাবটি ম্যাচসেরার পুরস্কার হিসেবে কৃষিজ পণ্য তুলে দিচ্ছে।


শুধু পুরস্কারেই নয়, মাঠেও রয়েছে অভিনবত্ব। স্থানীয় কৃষকদের সম্মান জানিয়ে স্টেডিয়ামে বিশেষ ভিআইপি জোন তৈরি করা হয়েছে, যেখানে সমর্থকেরা সাধারণ আসনের বদলে ট্রাক্টরের ওপর বসে খেলা উপভোগ করেন।

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার আর্লিং হালান্ড ২০১৬ সালে মাত্র ১৫ বছর বয়সে ব্রিনে এফকের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক করেন। এরপর মল্ডে, রেড বুল সালজবুর্গ, বরুশিয়া ডর্টমুন্ড হয়ে বর্তমানে তিনি ম্যানচেস্টার সিটির অন্যতম তারকা ফুটবলার।

হালান্ডের সময় এই ব্যতিক্রমী পুরস্কার দেওয়ার রীতি চালু না থাকলেও, তার শৈশবের ক্লাবের এমন অভিনব উদ্যোগ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


এ সম্পর্কিত আরো খবর