বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগে ফুটবল পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টা সেমিফাইনালের জন্য চারটি দলকে এগিয়ে রেখেছে। তাদের সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি।
৪৮ দলের বিশ্বকাপ থেকে দীর্ঘ লড়াই শেষে এখন শেষ আটে জায়গা করে নিয়েছে আটটি দল। কোয়ার্টার ফাইনালের চার ম্যাচে বিজয়ী চার দল খেলবে সেমিফাইনালে, আর পরাজিত দলগুলোর বিশ্বকাপ যাত্রা শেষ হবে।
এবারের শেষ আটে ইউরোপের আধিপত্য স্পষ্ট। কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের মধ্যে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, নরওয়ে, বেলজিয়াম ও সুইজারল্যান্ড—মোট ছয়টি দল ইউরোপের। বাকি দুটি দল দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা এবং আফ্রিকার মরক্কো।
অপ্টার বিশ্লেষণে কোয়ার্টার ফাইনালে সবচেয়ে বেশি এগিয়ে রাখা হয়েছে ফ্রান্সকে। মরক্কোর বিপক্ষে ফরাসিদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৭৯.৯ শতাংশ। অন্যদিকে মরক্কোর সম্ভাবনা দেখানো হয়েছে ২৬.১ শতাংশ।
স্পেনকেও বেলজিয়ামের বিপক্ষে পরিষ্কার ফেভারিট হিসেবে দেখছে অপ্টা। তাদের হিসাবে স্পেনের জয়ের সম্ভাবনা ৬৯.৭ শতাংশ, যেখানে বেলজিয়ামের সম্ভাবনা ৩০.৩ শতাংশ।
ইংল্যান্ড ও নরওয়ের ম্যাচটি তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে বলে ধারণা করা হলেও সেখানে ইংল্যান্ডকে এগিয়ে রেখেছে অপ্টা। থ্রি লায়ন্সদের জয়ের সম্ভাবনা ৬২.৪ শতাংশ এবং নরওয়ের সম্ভাবনা ৩৭.৬ শতাংশ।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও সুইজারল্যান্ডের বিপক্ষে ফেভারিট ধরা হয়েছে। লিওনেল মেসিদের জয়ের সম্ভাবনা ৬৯.১ শতাংশ, আর সুইজারল্যান্ডের সম্ভাবনা ৩০.৯ শতাংশ।
অপ্টার সুপারকম্পিউটার ম্যাচের সম্ভাব্য ফল নির্ধারণের জন্য প্রায় ১০ হাজারবার সিমুলেশন চালায়। পাশাপাশি দলগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স, খেলোয়াড়দের পরিসংখ্যান, শক্তিমত্তা, অতীত রেকর্ড ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে জয়ের সম্ভাবনা নির্ধারণ করা হয়।
অপ্টার পূর্বাভাসের নির্ভুলতাও এবার আলোচনায় এসেছে। শেষ ষোলোর আটটি ম্যাচের মধ্যে ছয়টির ফল তারা সঠিকভাবে অনুমান করেছিল। এছাড়া নকআউট পর্বের প্রথম ধাপের ১৬ ম্যাচের মধ্যে ১৪টি বিজয়ী দলও তারা আগেভাগে সিমুলেশনের মাধ্যমে নির্ধারণ করতে পেরেছিল।
এদিকে ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবোর জনপ্রিয় বিশ্লেষণ টুল ক্রিস্টাল বল-ও ফ্রান্স ও আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে এগিয়ে রেখেছে। তাদের বিশ্লেষণ অনুযায়ী, এই দুই দল ফাইনালে ওঠারও অন্যতম দাবিদার।
ক্রিস্টাল বলের হিসাব অনুযায়ী, কোয়ার্টার ও সেমিফাইনালের বাধা টপকে ফাইনালে ফ্রান্স ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা ১০.৫ শতাংশ।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আক্রমণভাগে সবচেয়ে সফল দুটি দল ফ্রান্স ও আর্জেন্টিনা। দুই দলই টুর্নামেন্টে ১৪টি করে গোল করেছে। ব্যক্তিগত গোলদাতার তালিকায় আট গোল নিয়ে শীর্ষে আছেন লিওনেল মেসি। তার ঠিক পেছনে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও নরওয়ের আর্লিং হালান্ড, যাদের দুজনেরই গোল সংখ্যা সাত।