ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ক্রোয়েশিয়ার কোচের পদ ছাড়লেন জ্লাটকো দালিচ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৯ জুলাই, ২০২৬ সময় : ৭:১৫ পিএম

ক্রীড়া ডেস্ক

ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দলের ইতিহাসের অন্যতম সফল প্রধান কোচ জ্লাটকো দালিচ দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। প্রায় নয় বছর জাতীয় দলের দায়িত্ব পালন শেষে বুধবার (৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এর মধ্য দিয়ে ২০১৭ সালে শুরু হওয়া তার দীর্ঘ ও সফল অধ্যায়ের সমাপ্তি ঘটল।

দালিচের নেতৃত্বে ক্রোয়েশিয়া বিশ্ব ফুটবলে নিজেদের অন্যতম শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত হয়। তার অধীনেই দলটি ২০১৮ সালের বিশ্বকাপে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এরপর ২০২২ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করে আরেকটি স্মরণীয় সাফল্য পায়। তবে ২০২৬ বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি ক্রোয়েশিয়া। দলটি নকআউট পর্বে এগোতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন অভিজ্ঞ এই কোচ।

বিদায়বার্তায় ৫৯ বছর বয়সী দালিচ বলেন, ক্রোয়েশিয়ার হয়ে নতুন সাফল্য অর্জনের ইচ্ছা এখনও তার মধ্যে রয়েছে। তবে তিনি মনে করেন, এই অধ্যায়ের ইতি টানার জন্য এটিই উপযুক্ত সময়।

এক বিবৃতিতে দালিচ বলেন, ‘ক্রোয়েশিয়ার হয়ে নতুন সাফল্য অর্জনের উচ্চাকাঙ্ক্ষা ও তীব্র ইচ্ছা আজও আমার মধ্যে রয়েছে। কিন্তু আমি মনে করি, এই অবিশ্বাস্য অধ্যায়ের ইতি টানার এটাই সঠিক সময়। আমি পরিপূর্ণ তৃপ্তি নিয়ে বিদায় নিচ্ছি। ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জনগুলোর পেছনে নিজের অবদান রাখতে পেরেছি, এ জন্য আমি গর্বিত।’

২০১৭ সালের অক্টোবরে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সময় খুব একটা আলোচনায় ছিলেন না দালিচ। কিন্তু অল্প সময়ের মধ্যেই তিনি দলকে বদলে দেন। তার কৌশলী নেতৃত্ব, শৃঙ্খলাপূর্ণ দল পরিচালনা এবং বড় ম্যাচে সাহসী সিদ্ধান্ত নেওয়ার কারণে ক্রোয়েশিয়া ধারাবাহিকভাবে আন্তর্জাতিক ফুটবলে সফলতা পায়।

দালিচের বিদায়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন (এইচএসএন)-এর প্রধান মারিয়ান কাসটিচ। তিনি বলেন, ‘ক্রোয়েশিয়ান ফুটবলের ইতিহাসে দালিচের নাম সবসময়ই স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

চলতি বিশ্বকাপে অবশ্য নিজেদের সেরাটা দেখাতে পারেনি ক্রোয়েশিয়া। দলটি শেষ ষোলোতে জায়গা করে নিতে ব্যর্থ হয়। রাউন্ড অব ৩২-এ পর্তুগালের বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় তাদের। এই হতাশাজনক ফলাফলের পরই কোচের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছিল।

দীর্ঘ দায়িত্বকালে দালিচ শুধু সাফল্যই এনে দেননি, বরং ক্রোয়েশিয়ার ফুটবলে স্থিতিশীলতা ও আত্মবিশ্বাসও ফিরিয়ে এনেছিলেন। তার অধীনে দলটি বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে সমানতালে লড়াই করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন পরিচয় গড়ে তুলেছে।

তার বিদায়ের মাধ্যমে ক্রোয়েশিয়া জাতীয় ফুটবলে একটি সফল যুগের সমাপ্তি ঘটল। এখন নতুন কোচের অধীনে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নেবে দেশটির ফুটবল দল।


এ সম্পর্কিত আরো খবর