ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সেমিফাইনালের মহাযুদ্ধের আগে অনুশীলনে নেই মেসি, কানসাসে নিবিড় প্রস্তুতি


  • আপলোড সময় : সোমবার ১৩ জুলাই, ২০২৬ সময় : ১১:৩৬ এএম

ক্রীড়া ডেস্ক 

বিশ্বজয়ের আরও এক ধাপ কাছে পৌঁছে গেছে আর্জেন্টিনা। সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পরদিনই কানসাসের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলনে নেমে পড়েছে আলবিসেলেস্তেরা। তবে কানসাসের তীব্র রোদের মাঝে আজকের অনুশীলনে সবার নজর কাড়ল অধিনায়ক লিওনেল মেসির অনুপস্থিতি। হাইভোল্টেজ সেমিফাইনালের আগে দলের সবচেয়ে বড় ভরসা মেসিকে আজ মাঠেই নামাননি কোচ লিওনেল স্কালোনি। তবে একে চোটের ভয় না ভেবে, ইংল্যান্ড বধের আগে মহাতারকাকে পুরোপুরি সতেজ রাখার মাস্টারপ্ল্যান হিসেবেই দেখছেন সবাই।

কানসাসের তপ্ত আবহাওয়ায় বিকেল ছয়টার পরও রোদের তীব্রতা ছিল দুপুরের মতোই প্রখর। এমন আবহাওয়ার মাঝেই কোয়ার্টার ফাইনালের ক্লান্তি ভুলে অনুশীলনে ঘাম ঝরিয়েছে স্কালোনির দল। তবে দূরদর্শী এই কোচ সেমিফাইনালের মেগা ম্যাচের কথা মাথায় রেখে দলের মূল ফুটবলারদের ওয়ার্কলোড কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ছাড়া সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকা বাকি কোনো ফুটবলারকেই আজ প্র্যাকটিস গ্রাউন্ডে আনা হয়নি। হাইভোল্টেজ ম্যাচের আগে ফুটবলারদের শরীর চাঙ্গা রাখতেই এই বিশেষ বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।

অন্য দিকে, সুইসদের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে খেলা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজসহ স্কোয়াডের বাকি ফুটবলাররা কানসাসের মাঠে পুরো উদ্যমে প্র্যাকটিস সেশন শেষ করেছেন। তীব্র গরমকে উপেক্ষা করে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তারা। তবে বরাবরের মতোই প্র্যাকটিস সেশনের গোপনীয়তা বজায় রাখতে কড়া অবস্থানে ছিল ম্যানেজমেন্ট। অনুশীলনের প্রথম ১৫ মিনিট পার হওয়ার পরই গণমাধ্যমকর্মীদের মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

আর্জেন্টিনা দলের একটি চেনা নিয়ম হলো, বড় ম্যাচের আগে বা অনুশীলনের শুরুতে দলের এক বা একাধিক ফুটবলার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন। তবে সেমিফাইনাল নিশ্চিতের পরদিন এই নিয়মে ব্যতিক্রম দেখা গেছে। আজ আর্জেন্টিনার কোনো ফুটবলার বা স্টাফ গণমাধ্যমের সাথে কথা বলতে আসেননি। মহাগুরুত্বপূর্ণ ম্যাচ জয়ের পর পুরো স্কোয়াডই বেশ হালকা ও ফুরফুরে মেজাজে সময় পার করেছে। এমনকি অনুশীলনের মাঠে মেসিদের খবরের জন্য মুখিয়ে থাকা চিরচেনা আর্জেন্টাইন সাংবাদিকদের উপস্থিতিও আজ অন্য দিনের চেয়ে বেশ কম ছিল।

আগামী ১৫ জুলাই আটলান্টার ঐতিহ্যবাহী ভেন্যুতে বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে নামবে আর্জেন্টিনা, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে শক্তিশালী ইংল্যান্ড। বর্তমানে কানসাসে আর্জেন্টিনার যে মূল বেসক্যাম্প রয়েছে, আগামীকাল সেখানেই শেষবারের মতো নিজেদের কৌশল ঝালিয়ে নেবে দল। আগামীকালের অনুশীলনটি পুরোপুরি ক্লোজড ডোর বা রুদ্ধদ্বার অবস্থায় করার পরিকল্পনা রয়েছে স্কালোনির। কানসাসের ক্যাম্পের কাজ শেষ করে আগামীকালই আটলান্টার উদ্দেশ্যে রওনা দেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মেসিকে প্র্যাকটিসে না নামিয়ে বিশ্রামে রাখার এই টোটকা সেমিফাইনালের মঞ্চে কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার বিষয়।


এ সম্পর্কিত আরো খবর