ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

রাজশাহীর জিরোপয়েন্ট অবরোধ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৪ জুলাই, ২০২৬ সময় : ৫:৪১ পিএম

রাজধানীর পর এবার দেশের অন্যান্য বিভাগীয় শহরেও ছড়িয়ে পড়েছে এইচএসসি পরীক্ষা স্থগিতের আন্দোলন। চলমান বন্যা পরিস্থিতি ও তীব্র প্রতিকূল আবহাওয়ার মাঝে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট মোড় সম্পূর্ণ অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন সাধারণ পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটা থেকে শত শত শিক্ষার্থী জিরোপয়েন্টের মূল সড়কে অবস্থান নিলে দুই লেনের ব্যস্ততম এই মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এর আগে একই দাবিতে আজ দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষার্থীরা রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ঘেরাও কর্মসূচি শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দেশের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন। পরবর্তীতে বোর্ড কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে তারা নগরীর সিএনবি মোড় হয়ে সাহেব বাজার জিরোপয়েন্টে এসে মূল সড়ক অবরোধ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া পদ্মা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী শান্ত সরদার বলেন, দেশের সামগ্রিক বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান সব পরীক্ষা অবিলম্বে বন্ধ রাখতে হবে। সারাদেশের পরীক্ষার্থীদের পরীক্ষা একই সাথে অভিন্ন নিয়মে নিতে হবে। এছাড়া চলমান পরীক্ষার প্রশ্নপত্রে নানা ভুলভ্রান্তি রয়েছে বলে তিনি অভিযোগ করেন। মো. তাহা নামের আরেক পরীক্ষার্থী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,

"শিক্ষামন্ত্রী দেশের সাধারণ শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করেন! একজন দায়িত্বশীল শিক্ষামন্ত্রী হয়ে তিনি কীভাবে এমন আপত্তিকর কথা বলতে পারেন? আমরা এই বিষয়ে শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা মন্ত্রণালয়ে কথা বলে আমাদের জানাবেন বললেও এখন সময়ক্ষেপণ করছেন।"

এদিকে পরীক্ষার্থীরা দীর্ঘ সময় জিরোপয়েন্টের মূল সড়কটি বন্ধ করে রাখায় নগরীর অভ্যন্তরীণ যান চলাচল সচল রাখতে বিকল্প পথ ব্যবহার করছে যানবাহনগুলো। আকস্মিক রুট পরিবর্তনের ফলে সাধারণ যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বৈরী আবহাওয়া ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীরা অবর্ণনীয় কষ্টের শিকার হয়েছেন এবং প্রায় ১১ হাজার পরীক্ষার্থী গতকাল কেন্দ্রে পৌঁছাতে না পেরে পরীক্ষায় অংশ নিতে পারেননি। যারা পরীক্ষা দিতে পারেননি, তাঁদের জন্য দ্রুত পুনঃপরীক্ষার ব্যবস্থা করার পাশাপাশি সারাদেশের পরবর্তী পরীক্ষাগুলো পিছিয়ে দেওয়ার জোর দাবি জানান তারা।

শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক লিমন সাংবাদিকদের বলেন, "আমরা সাধারণ শিক্ষার্থী ও তাঁদের প্রতিনিধিদের সাথে কথা বলেছি এবং তাঁদের আশ্বস্ত করেছি যে, তাঁদের এই যৌক্তিক দাবির পাশে আমরা রাজপথে আছি। বর্তমান সরকার ছাত্রদের প্রতি অত্যন্ত আন্তরিক, আশা করছি খুব দ্রুতই শিক্ষার্থীদের পক্ষে ইতিবাচক সিদ্ধান্ত আসবে।"

সার্বিক পরিস্থিতি নিয়ে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী বলেন, "শিক্ষার্থীদের দাবির বিষয়টি আমরা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে লিখিতভাবে জানিয়েছি। মন্ত্রণালয় থেকে চূড়ান্ত যে সিদ্ধান্ত আসবে, সেটি দ্রুতই শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।"


এ সম্পর্কিত আরো খবর