ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

কেইনদের বোতলবন্দী করে ফাইনালে মেসিরা, কান্নায় ভেঙে পড়ল ব্রিটিশ মিডিয়া


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ সময় : ৯:২২ পিএম

ক্রীড়া প্রতিবেদক

ষাট বছর পেরিয়ে গেলেও দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের সোনালী ট্রফি উঁচিয়ে ধরার অপেক্ষা আর ফুরোল না ইংল্যান্ডের। সেমিফাইনালের মহারণে আর্জেন্টিনার বিপক্ষে ৮৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের ঝড়ে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে থ্রি-লায়ন্সরা। অন্যদিকে, চলতি বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের রূপকথা লিখল লিওনেল স্কালোনির শিষ্যরা। ফাইনালে ওঠার পথে তারা যেভাবে ইংলিশদের হৃদয় ভেঙেছে, তা নিয়ে চরম হতাশা প্রকাশ করলেও প্রতিপক্ষ আর্জেন্টিনার প্রশংসায় মেতেছে খোদ ব্রিটিশ গণমাধ্যমগুলো।

ম্যাচের ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজের বুলেট গতির শট এবং যোগ করা সময়ে লাউতারো মার্টিনেজের চোখধাঁধানো হেডে আর্জেন্টিনার ঐতিহাসিক জয় নিশ্চিত হয়। আর এই দুটি গোলের পেছনেই মূল কারিগর হিসেবে কাজ করেছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। তাঁর এমন জাদুকরি পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ ইংলিশ মিডিয়া। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য গার্ডিয়ান' তাদের প্রতিবেদনে লিখেছে, ‘শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডের হৃদয় ভেঙে বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা।’

শব্দের দারুণ কারসাজিতে শিরোনাম সাজিয়েছে আরেক জনপ্রিয় ট্যাবলয়েড পত্রিকা 'দ্য সান'। তারা লিওনেল মেসির নাম ব্যবহার করে হেডিং দিয়েছে— ‘অ্যানাদার মেসি কুইলোম্বো’। পর্তুগিজ শব্দ কুইলোম্বোর মাধ্যমে মূলত মেসির ফুটবলীয় নৈপুণ্যে প্রতিপক্ষ কীভাবে ‘বিশৃঙ্খল ও বিপর্যস্ত পরিস্থিতিতে নিমজ্জিত’ হয়েছে, সেই দিকেই ইঙ্গিত করা হয়েছে। তাদের মূল শিরোনামে আরও উল্লেখ করা হয়— ‘যোগ করা সময়ে লাউতারো মার্টিনেজের জয়সূচক গোলে থ্রি-লায়ন্সের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে দিল আর্জেন্টিনা।’

তবে ম্যাচ শেষে আর্জেন্টিনার জিওভানি লো সেলসো যে ‘দ্য ফকল্যান্ডস আর্জেন্টাইন’ (ফকল্যান্ডস আর্জেন্টিনার) লেখা একটি ব্যানার প্রদর্শন করেন, সেটিও বেশ গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে পত্রিকাটি। তাদের ভাষ্য, ‘আর্জেন্টাইনদের চরম ঔদ্ধত্য। ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বিদায় করার পর “মালভিনাস আমাদের” লেখা পতাকা নিয়ে উদযাপন করায় ক্ষোভ।’

এদিকে 'ডেইলি মেইল' তাদের প্রতিবেদনে লিখেছে, ‘আর্জেন্টিকার কাছে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় পুরোপুরি ভেঙে পড়েছে ইংল্যান্ড। গ্যালারিতে কিংবদন্তি ডেভিড বেকহ্যামকে চরম বিধ্বস্ত দেখা গেছে, আর মাঠের ভেতরে কান্নায় ভেঙে পড়েছেন খেলোয়াড়রা। থ্রি-লায়ন্সের ১৯৬৬ সালের পর প্রথম বিশ্বকাপ ফাইনালে ওঠার স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে দুটি গোল।’ তাদের আরেকটি খবরের শিরোনাম ছিল ‘আটলান্টায় হৃদয়ভঙ্গ’, যেখানে প্রধান ছবিতে অশ্রুসিক্ত চোখ মুছতে দেখা যায় বেকহ্যামকে।

পত্রিকাটি আরও একটি চাঞ্চল্যকর তথ্য দিয়ে লিখেছে, ‘বিশ্বকাপ সেমিফাইনালের উত্তেজনাপূর্ণ ম্যাচে ফিফার নতুন নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে হ্যারি কেইনকে লাল কার্ড দেখানোর চেষ্টা করায় আর্জেন্টিনার এক তারকাকে “করুণ” বলে আখ্যা দেওয়া হয়েছে।’ প্রতিবেদনে উল্লেখ করা হয়, ম্যাচ চলাকালে লিয়েন্দ্রো পারেদেস রেফারির কাছে ইংলিশ অধিনায়কের বিরুদ্ধে এই বিতর্কিত দাবি তুলেছিলেন।

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী গণমাধ্যম 'বিবিসি' তাদের প্রতিবেদনের শিরোনামে লিখেছে, ‘আর্জেন্টিনার কাছে হেরে সেমিফাইনাল থেকেই যন্ত্রণাদায়ক বিদায় ইংল্যান্ডের।’ এই খবরের সাথে তারা পরাজয়ের পর হতাশ হ্যারি কেইনকে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে বুকে বুক মিলিয়ে আলিঙ্গন করার একটি আবেগঘন ছবি প্রকাশ করেছে।

অন্যদিকে ক্রীড়াভিত্তিক জনপ্রিয় মাধ্যম 'স্কাই স্পোর্টস' লিখেছে, ‘৮৫ মিনিট, ৯০+২ মিনিট! শেষ মুহূর্তের চরম নাটকীয়তায় আর্জেন্টিনা ইংল্যান্ডের হৃদয় ভেঙে বিশ্বকাপের স্বপ্নে ইতি টানল।’ এ ছাড়া তাদের ওয়েবসাইটের মূল খবরের প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ, যাঁকে এই ঐতিহাসিক ম্যাচের অন্যতম মহানায়ক হিসেবে তুলে ধরা হয়েছে।

‘নিদারুণ যন্ত্রণায় আমাদের অপেক্ষা বেড়েই চলেছে’— এমন আক্ষেপ মাখা শিরোনাম করেছে 'ডেইলি এক্সপ্রেস'। হতাশাগ্রস্ত হ্যারি কেইনের মাঠে শুয়ে থাকার একটি হৃদয়বিদারক ছবি পুরো প্রথম পেজজুড়ে দিয়েছে পত্রিকাটি। এর সঙ্গে লিখেছে, আর্জেন্টিনার কাছে হেরে ১৯৬৬ সালের পর বিশ্বকাপ জয়ের স্বপ্ন চূর্ণ হওয়ায় ইংল্যান্ডের অন্তহীন হতাশা।

রেফারি শেষ বাঁশি বাজানোর পর জুড বেলিংহ্যাম যখন চরম হতাশায় চোখ বন্ধ করে হাঁটু মুড়ে মাঠের ওপর বসে পড়েন, সেই ছবি দিয়ে 'দ্য মিরর' ব্যানার শিরোনাম লিখেছে মাত্র এক শব্দে— ‘শ্যাটারড (চূর্ণ-বিচূর্ণ)’। লিড হারিয়ে ইংল্যান্ডের স্বপ্নের অশ্রুসিক্ত ইতি। এ ছাড়া 'ডেইলি স্টার' তাদের শিরোনামে খোঁচা দিয়ে লিখেছে— ‘কেইনড বাই মেসি।’ অর্থাৎ মেসি-বাহিনীর কৌশলের কাছে পুরো ম্যাচজুড়ে বোতলবন্দী ও অচল ছিলেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। তবে এত কিছুর পরও নিজেদের লায়ন্সদের নিয়ে গর্বিতবোধ করার কথাও জানাতে ভোলেনি গণমাধ্যমটি।


এ সম্পর্কিত আরো খবর