২০১০ সালের আসরে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং সর্বশেষ ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বজয়ের কথা টুর্নামেন্ট শুরুর আগেই নিখুঁতভাবে জানিয়েছিল ইলেকট্রনিক আর্টস (ইএ)। আর এবার চলমান ২০২৬ বিশ্বকাপের ট্রফিও স্পেনের ঘরেই যাচ্ছে বলে আভাস দিয়েছে তাদের উন্নত সিমুলেশন প্রযুক্তি।
বাস্তব মাঠের লড়াইয়েও স্পেন ইতোমধ্যে ফাইনালে পা রাখায় ইএ স্পোর্টসের এই পূর্বাভাস এখন টক অব দ্য ওয়ার্ল্ড। সেমিফাইনালের মহারণে ফ্রান্সকে ২-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট কেটেছে লা রোহারা। আগামী ২০ জুলাই শিরোপা নির্ধারণী ম্যাচে তারা মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অথবা ইংল্যান্ডের।
ইএ-এর এই জাদুকরী পূর্বাভাসের যাত্রা শুরু হয়েছিল ২০১০ সালে। সেবার তারা স্পেন বনাম নেদারল্যান্ডসের ফাইনাল এবং স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার কথা বলেছিল, যা হুবহু সত্য হয়। এরপর যথাক্রমে ২০১৪ সালে জার্মানি-আর্জেন্টিনা, ২০১৮ সালে ফ্রান্স-ক্রোয়েশিয়া এবং ২০২২ সালে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের আগাম বার্তা দিয়েছিল এই গেম। ম্যাচের স্কোরলাইন সবসময় হুবহু না মিললেও, ট্রফি কার হাতে উঠছে—সেই শেষ হাসিটি তারা প্রতিবারই সঠিকভাবে ফুটিয়ে তুলেছে। তবে এই সফলতার পেছনে একটি অতীত ব্যর্থতাও আছে। ২০০৬ বিশ্বকাপে তারা চেক প্রজাতন্ত্রকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল, অথচ দলটি গ্রুপ পর্বের গণ্ডিই পার হতে পারেনি।
কীভাবে কাজ করে এই ভবিষ্যদ্বাণী?
ইএ স্পোর্টস এফসি মূলত একটি বিশাল ডেটাবেসের ওপর ভিত্তি করে এই সিমুলেশন পরিচালনা করে। প্রতিটি ফুটবলারের ব্যক্তিগত রেটিং, দলের সামগ্রিক শক্তি, খেলার কৌশল, অতীত পারফরম্যান্স এবং নানাবিধ পরিসংখ্যান কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে বিশ্লেষণ করা হয়। এরপর কম্পিউটারে হাজার হাজার সম্ভাব্য ম্যাচ আয়োজন করে একটি চূড়ান্ত চিত্র বের করা হয়। এটি কোনো অলৌকিক গণনা নয়, বরং অত্যাধুনিক অ্যালগরিদমের মাধ্যমে বাস্তবতার সবচেয়ে কাছাকাছি ফলাফল খোঁজার বৈজ্ঞানিক চেষ্টা।
স্পেনের ট্রফি ও ইয়ামালের গোল্ডেন বুটের সমীকরণ
চলতি ২০২৬ আসরের সিমুলেশন অনুযায়ী, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো ফুটবলের বিশ্বসেরা মুকুট পরবে স্পেন। পাশাপাশি আরও একটি চমকপ্রদ পূর্বাভাস ছিল যে, মাত্র ১৮ বছর বয়সী তরুণ তুর্কি লামিন ইয়ামাল নিজের অভিষেক বিশ্বকাপেই সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ নিজের করে নেবেন। এছাড়া স্বাগতিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র শেষ ১৬ থেকেই ছিটকে যাবে বলে জানানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের বিদায়ের বিষয়টি ইতোমধ্যে মিলে গেলেও ইয়ামালের গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা একদমই নেই। ৭ ম্যাচে মাত্র ১টি গোল ও ১টি অ্যাসিস্ট করা এই তরুণের বিপরীতে ৮টি করে গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে রাজত্ব করছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। এখন দেখার বিষয়, সোমবার রাতের ফাইনালে স্পেনের শিরোপা জয়ের মূল পূর্বাভাসটি সত্যি প্রমাণিত হয় কিনা।