ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

রেফারি ভাগ্য: স্পেনের জন্য পয়া, আর্জেন্টিনার জন্য কি তবে অপয়া?


  • আপলোড সময় : শনিবার ১৮ জুলাই, ২০২৬ সময় : ৪:০০ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী মহারণে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। মহাকাব্যিক এই ফাইনাল ম্যাচটি পরিচালনার গুরুদায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার এই ঘোষণার পর থেকেই ফুটবলপ্রেমীদের মাঝে শুরু হয়েছে এক নতুন জল্পনা-কল্পনা। কারণ, এই স্লোভেনিয়ান রেফারির অধীনে দুই ফাইনালিস্টের অতীত পরিসংখ্যান সম্পূর্ণ বিপরীত মেরুর।

খতিয়ান বলছে, স্লাভকো ভিনচিচের পরিচালনায় এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে স্পেন। যার মধ্যে তিনটিতেই জয় আর একটিতে ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। অর্থাৎ, এই রেফারির বাঁশিতে হারের কোনো তিক্ত স্বাদ এখনো পায়নি লা রোহারা। অন্যদিকে, আর্জেন্টিনার মাত্র একটি ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে ভিনচিচের। আর আলবিসেলেস্তেদের জন্য সেই ম্যাচটি ছিল ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের সেই দুঃস্বপ্নের ও অবিশ্বাস্য পরাজয়। যদিও সেই হারের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত লিওনেল মেসির দলই বিশ্বচ্যাম্পিয়নের মুকুট মাথায় পরেছিল।


এক নজরে ভিনচিচের অধীনে স্পেনের অতীত পারফরম্যান্স

স্পেন ২-১ ইতালি (১৫ জুন ২০২৩): উয়েফা নেশনস লিগের ২০২২-২৩ আসরের সেমিফাইনালের এই ম্যাচে ইতালিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্প্যানিশরা।

স্পেন ১-০ ইতালি (২০ জুন ২০২৪): উরো ২০২৪-এর গ্রুপ পর্বের এই হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইতালিকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে লা রোহা।

স্পেন ২-১ ফ্রান্স (৯ জুলাই ২০২৪): উরো ২০২৪-এর সেমিফাইনালে ফ্রান্সকে টুর্নামেন্ট থেকে বিদায় করে ফাইনালের টিকিট কাটে স্পেন। এই গুরুত্বপূর্ণ ম্যাচেও রেফারির দায়িত্বে ছিলেন ভিনচিচ।

স্পেন ০-০ সুইডেন (১৪ জুন ২০২১): উরো ২০২০-এর গ্রুপ পর্বের এই ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ হয়েছিল।

আর্জেন্টিনার সেই তিক্ত অভিজ্ঞতা

আর্জেন্টাইন সমর্থকদের জন্য স্লাভকো ভিনচিচের নাম শুনলেই মনে পড়ে যায় কাতার বিশ্বকাপের সেই উদ্বোধনী ধাক্কা। ২০২২ সালের ২২ নভেম্বর গ্রুপ পর্বের ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল সৌদি আরবের। লিওনেল মেসির পেনাল্টি গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। তবে দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্যভাবে দুই গোল হজম করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটনের শিকার হতে হয় লিওনেল স্কালোনির শিষ্যদের।

যদিও মাঠের লড়াইয়ে অতীত রেকর্ড কোনো প্রভাব ফেলে না, তবুও সংখ্যার এই অদ্ভুত কাকতালীয় মিল ফাইনালের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সফলভাবে পরিচালনার পর বিশ্বকাপ ফাইনালের দায়িত্ব পাওয়া ভিনচিচের ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বীকৃতি। এখন দেখার বিষয়, সোমবার রাতের মেগা ফাইনালে এই স্লোভেনিয়ান রেফারি স্পেনের জন্য পয়া নাকি আর্জেন্টিনার জন্য নতুন কোনো সমীকরণ নিয়ে হাজির হন।


এ সম্পর্কিত আরো খবর