ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

ট্রফি তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

মেটলাইফ স্টেডিয়ামে আজ বিশ্বজয়ের মহাযুদ্ধ


  • আপলোড সময় : রবিবার ১৯ জুলাই, ২০২৬ সময় : ৫:৩২ পিএম

ক্রীড়া ডেস্কঃ

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপার মহাকাব্যিক মহাসংগ্রামের মঞ্চ প্রস্তুত। ফাইনালের আগের দিন নিউইয়র্কের আকাশজুড়ে ছিল ঝুম বৃষ্টি। তবে বিকেল গড়াতে গড়াতে সেই বৃষ্টি থেমেও যায়। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের প্রেস কনফারেন্স কাভার করে নিউ জার্সির মিডিয়া সেন্টারে যখন অপেক্ষা করছি, তখন স্টেডিয়ামের মূল প্রাঙ্গণ থেকে মিডিয়া সেন্টার খানিকটা দূরে হলেও ভেতরের সমাপনী অনুষ্ঠানের রিহার্সালের সুর ও শব্দ আসছিল ঠিক মতোই।
টেকনিক্যাল স্টাডি গ্রুপের আনুষ্ঠানিক রিপোর্ট সংগ্রহ শেষে একটু ঢুঁ মারার চেষ্টা করেছিলাম ফাইনালের মহারণের মূল ভেন্যুতে। কঠোর আনুষ্ঠানিকতা ও আঁটসাঁট নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে সামান্য কিছু সময়ের জন্য একেবারে মূল মাঠেও উপস্থিত হওয়া গেছে। সেখানে দেখা গেল এক এলাহী কাণ্ড। আমেরিকার স্থানীয় সময় রোববার বিকেল তিনটায় (বাংলাদেশ সময় আজ রাত ১টা) বিশ্বশ্রেষ্ঠত্বের চূড়ান্ত দ্বৈরথে মাঠে নামবেন লিওনেল মেসি ও লামিনে ইয়ামালরা।

বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্রাম্পের উপস্থিতি

ম্যাচ শুরুর আগে রয়েছে এক বর্ণাঢ্য সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান। শুধু তাই নয়, আমেরিকার ঐতিহ্য মেনে খেলার বিরতিতেও থাকছে বিশেষ ‘হাফটাইম শো’। এই জমকালো অনুষ্ঠানের জন্য ফাইনালে বিরতির সময় সাধারণ ১৫ মিনিট থেকে বাড়িয়ে ১৭ মিনিট করা হয়েছে। মূল মাঠে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ মুহূর্তের রিহার্সালও সেরে নেওয়া হয়েছে।
বিশ্বকাপ ফাইনাল মানেই তো সারা বিশ্বের নজর। এই মেগা ম্যাচ স্বচক্ষে দেখতে মাঠে হাজির হবেন ক্রীড়াঙ্গনসহ বিশ্বের নামী-দামী ও বিশিষ্ট ব্যক্তিরা। ফাইনাল শেষে ট্রফি প্রদান অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকার কথা রয়েছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশ্বনেতা ও বিশিষ্ট ব্যক্তিদের এমন হাই-প্রোফাইল উপস্থিতি ও আগমনের কারণে নিউ ইয়র্ক ও নিউ জার্সিজুড়ে নিরাপত্তা কর্মীরাও পার করছেন চরম ব্যস্ত সময়।

শেষ মুহূর্তের ব্র্যান্ডিং ও মাঠের পরিচর্যা


সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিশিষ্টজনদের নিরাপত্তার ডামাডোল ছাপিয়ে সবার মূল আকর্ষণ কিন্তু সবুজ গালিচার মাঠের লড়াইয়ে। মাঠকে শতভাগ খেলার উপযোগী ও নিখুঁত রাখার জন্য শেষ মুহূর্তের পরিচর্যায় অবিরাম ঘাম ঝরাচ্ছেন গ্রাউন্ডসম্যানরা। তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ফাইনালকে ফাইনালের মতো রূপ দিতে, যেন কোথাও কোনো সামান্য ত্রুটিও না থাকে।
ফাইনাল উপলক্ষে নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়াম এক সম্পূর্ণ ভিন্ন ও চোখধাঁধানো আবহে সেজেছে। গ্যালারির কয়েক জায়গায় শোভা পাচ্ছে ফাইনালের বিশেষ লোগো। স্টেডিয়ামের প্রায় প্রতিটি কোণায় কোণায় করা হয়েছে টুর্নামেন্টের ফাইনাল ব্র্যান্ডিং। ফাইনালের মূল সম্প্রচারকারী আন্তর্জাতিক টিভি চ্যানেল ও গণমাধ্যমের কর্মীরাও খেলার আগের দিন পার করেছেন দম ফেলার ফুসরতহীন এক ব্যস্ত সময়।

মেসির শেষ মিশন বনাম স্পেনের দুর্ভেদ্য ডিফেন্স

আর্জেন্টিনা এই বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ফুটবল জাদুকর লিওনেল মেসির আজই সম্ভবত আন্তর্জাতিক ফুটবল ও বিশ্বকাপে শেষ ম্যাচ হতে যাচ্ছে। তাই আলবিসেলেস্তেদের জন্য এই ম্যাচটি আবেগের দিক থেকে অত্যন্ত বিশেষ। বিশ্ব ফুটবলকে দুই হাত উজাড় করে এত কিছু দেওয়া মেসির বিশ্বকাপ বিদায়কে ট্রফি উঁচিয়ে রঙিন করানোর সর্বোচ্চ চেষ্টা করছেন তার সতীর্থরা।
তবে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন পুরো টুর্নামেন্টে মাত্র ১টি গোল হজম করেছে। লুইস দে লা ফুয়েন্তের স্পেনের ডিফেন্স লাইন অত্যন্ত শক্তিশালী ও দুর্ভেদ্য। সেমিফাইনালে ফ্রান্সের বিশ্বসেরা আক্রমণভাগকে যেভাবে তারা রুখে দিয়েছে, সেই স্পেন তাই আর্জেন্টিনার জন্য খানিকটা গভীর দুশ্চিন্তার কারণ। অন্যদিকে আর্জেন্টিনার ডিফেন্সের দুর্বলতা এবারের আসরে খুবই প্রকট। নকআউট পর্বের প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের কাছে গোল হজম করতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।


ডাগআউটে গুরু-শিষ্যের মগজ যুদ্ধ ও রেফারিংয়ের শঙ্কা

এবারের ফাইনালে ডাগআউটে দেখা যাবে এক অদ্ভুত গুরু-শিষ্যের লড়াই। স্পেনের বর্তমান প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনেই অতীতে কোচিংয়ের উচ্চতর সনদ নিয়েছিলেন আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি। স্প্যানিশ গুরু লা ফুয়েন্তে ইতিমধ্যে ইতালির দীর্ঘ সময় অপরাজিত থাকার ঐতিহাসিক রেকর্ড ভেঙেছেন। অন্যদিকে তার সুযোগ্য শিষ্য স্ক্যালোনির সামনে আজ হাতছানি দিচ্ছে টানা দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অনন্য গৌরব।

পুরো টুর্নামেন্টজুড়ে মাঠে নানা আলোচনা-সমালোচনা তৈরি করেছে রেফারিং ও ভিএআর (VAR) প্রযুক্তি। আজ মেগা ফাইনালে মেসি-ইয়ামালদের মধ্যে কেউ মাঠের পারফরম্যান্সে আসল নায়ক হবেন, নাকি রেফারি ও ভিএআর-এর বিতর্কিত সিদ্ধান্ত সব আলো কেড়ে নেবে, সেটাই এখন দেখার বিষয়। তবে নানা মাঠের সমালোচনা দূরে ঠেলে সার্বিকভাবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি বিশ্বকাপই উপভোগ করেছে বিশ্ববাসী। তাই ফিফা ও স্বাগতিক আমেরিকা শেষটা একদম নিখুঁত ও জাঁকজমকপূর্ণ করার সর্বাত্মক চেষ্টা করছে। ফাইনালের মহাযুদ্ধের জন্য এখন পুরোপুরি প্রস্তুত নিউ জার্সি স্টেডিয়াম, আর সারা বিশ্বও অধীর আগ্রহে প্রস্তুত নতুন বিশ্ব চ্যাম্পিয়নদের বরণে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর