বিশ্বকাপের মেগা ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার পর এবার যুক্তরাষ্ট্র ছাড়ার তোড়জোড় শুরু করেছে রানার আপ আর্জেন্টিনা দল। মেটলাইফ স্টেডিয়ামের স্বপ্নভঙ্গের বেদনা বুকে নিয়ে লিওনেল মেসির দল বিশেষ চার্টার ফ্লাইটে নিউইয়র্ক ছেড়ে দেশের উদ্দেশে রওনা হবে। আর্জেন্টিনার জনপ্রিয় বিদেশি গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদনে আলবিসেলেস্তেদের দেশে ফেরার এই খবরটি নিশ্চিত করেছে।
যদিও আর্জেন্টিনা ফুটবল দলের যুক্তরাষ্ট্র ত্যাগের চূড়ান্ত সময়সূচি পুরোপুরি প্রকাশ করা হয়নি। তবে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আর্জেন্টিনা জাতীয় দলটির স্থানীয় সময় রোববার মধ্যরাত থেকে সোমবার গভীর রাত ৩টার মধ্যে যেকোনো সময় নিউইয়র্ক থেকে বুয়েনস আইরেসের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। কোনো ধরনের ফ্লাইটের শিডিউল বিপর্যয় না হলে নিউইয়র্ক থেকে আর্জেন্টিনার এজেইজা বিমানবন্দরে পৌঁছাতে আকাশপথে প্রায় ১১ ঘণ্টা সময় লাগবে।
সবকিছু ঠিক থাকলে আর্জেন্টিনার স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে বুয়েনস আইরেসের এজেইজা বিমানবন্দরে অবতরণ করবে মেসিদের বহনকারী বিমানটি। তবে আনুষ্ঠানিকতা সারতে কোনো বিলম্ব হলে তারা বিকালের মাঝামাঝি অর্থাৎ বিকেল ৫টার দিকেও পৌঁছাতে পারে। জানা গেছে, ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) অন্তত ছয় ঘণ্টা সময় চেয়েছিল, যাতে স্টেডিয়াম থেকে প্রস্থান, অফিশিয়াল প্রোটোকল, চিকিৎসকদের প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করে সহজেই বিমানবন্দরে পৌঁছানো যায়।
এদিকে রানার আপ হওয়া আর্জেন্টিনা দলকে ঘরের মাঠে কীভাবে স্বাগত জানানো হবে, সে বিষয়ে এএফএ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। শিরোপা হাতছাড়া হলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশকে একের পর এক বড় সাফল্য এনে দেওয়া এই সোনালী প্রজন্মকে বরণ করতে এজেইজা বিমানবন্দর বা বুয়েনস আইরেসের রাস্তায় সমর্থকদের কোনো বিশেষ সমাগম হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।