ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: ফেনীতে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু


  • আপলোড সময় : শনিবার ২৫ জুলাই, ২০২৬ সময় : ৭:৪৩ পিএম

ফেনী প্রতিনিধি:

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি।

তিনি বলেছেন, “বিনিয়োগের মাধ্যমে দেশে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে সন্ত্রাস ও মাদকাসক্তি বাড়বে। এর ফলে সমাজে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির পথে বড় বাধা হয়ে দাঁড়াবে।”

শনিবার (২৫ জুলাই) দুপুরে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, দেশে বিনিয়োগ বাড়াতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এসব ক্ষেত্রে অনিশ্চয়তা থাকলে বিনিয়োগ বাধাগ্রস্ত হয় এবং সার্বিক উন্নয়নও ব্যাহত হয়।

তিনি বলেন, “শিল্পবিপ্লব-পরবর্তী সময়ে সম্পদের ধারণায় ব্যাপক পরিবর্তন এসেছে। প্রযুক্তি ও আধুনিক জ্ঞানকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।”

ফেনীর স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে আবদুল আউয়াল মিন্টু বলেন, “আমার জন্ম ফেনীতে। এখানেই পড়াশোনা করেছি এবং বেড়ে উঠেছি। মহাসড়কের ফেনী লালপোল ক্রসিংয়ের দীর্ঘদিনের সমস্যার সমাধানে আমি উদ্যোগ নিয়েছি। মুসাপুর রেগুলেটরের সমস্যাটিও একনেকে (ECNEC) উপস্থাপনের চেষ্টা চলছে।” তিনি আরও জানান, ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়টি বারবার জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। আশা করা হচ্ছে, পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম. এ. খালেক, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি আবুল কাশেম এবং সহসভাপতি ফরিদ উদ্দিন আহমেদ পাঠান ও জাফর উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত পরিচালকদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মনিরা হক। এতে সভাপতিত্ব করেন ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদ্য বিদায়ী পরিচালক মুশফিকুর রহমান পিপুল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিচালক জালাল উদ্দিন বাবলু।

উল্লেখ্য, গত ২৭ জুন অনুষ্ঠিত ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ২১ জন পরিচালক নির্বাচিত হন।


এ সম্পর্কিত আরো খবর