ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

চক্রিয়ায় সরকারি চাল চুরির ভিডিও করায় সাংবাদিককে কুপিয়ে জখম


  • আপলোড সময় : শনিবার ২৫ জুলাই, ২০২৬ সময় : ৭:৪৮ পিএম

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল অবৈধভাবে গুদামজাত করার ভিডিও ধারণ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক ‘আজকের দর্পণ’ পত্রিকার প্রতিনিধি মো. রিদুয়ানুল হক (৩৯)। হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র ও ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করেছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী অলিঁশা বাজার (ফকিরহাট খোলা) এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনাটি ঘটে। গুরুতর আহত সাংবাদিক রিদুয়ানুল হক দিগরপানখালী এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ফাঁসিয়াখালী এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির অনুমোদিত ডিলার মো. আব্দুল খালেক খোকন (৩৫) সরকারি চালের বস্তা নিজ দোকানে না রেখে অলিঁশা বাজারের একটি সেলুনের দোকানে অবৈধভাবে মজুত করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সাংবাদিক রিদুয়ানুল হক ওই সেলুনে রাখা সরকারি চালের বস্তার ভিডিও ধারণ করেন। চাল চুরির ঘটনা ফাঁসের আশঙ্কায় ক্ষিপ্ত হয়ে ডিলার খোকন দীর্ঘদিন ধরে ওই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে অলিঁশা বাজারে রিদুয়ানুলকে একা পেয়ে তাঁর ওপর চড়াও হন ডিলার খোকন। সংবাদ ও ভিডিও ধারণের কারণ তলব করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে রিদুয়ানুল এর প্রতিবাদ জানান। এতে ডিলার খোকন আরও ক্ষিপ্ত হয়ে কোমর থেকে ধারালো ছুরি বের করে হত্যার উদ্দেশ্যে সাংবাদিক রিদুয়ানুলের বাম চোখের ওপর কোপ মারেন। রক্তে ভেসে যাওয়া চোখ চেপে ধরে রিদুয়ানুল জীবন বাঁচানোর চেষ্টা করলে, খোকন ইট দিয়ে তাঁর মুখের বাম পাশসহ শরীরে এলোপাতাড়ি আঘাত করে বিভিন্ন স্থানে রক্তাক্ত ও ফোলা জখম করে।

রিদুয়ানুলের আকুল চিৎকারে স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাংবাদিকের ওপর এই পৈশাচিক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ চকরিয়া উপজেলা শাখা। পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের সুরক্ষা নিশ্চিত করা এবং অপরাধী চাল ডিলার খোকনকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর