পান্থনিবাস বড়ুয়া, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম):
সাম্প্রতিককালের ভারী বর্ষণে সড়ক ধসে চরম দুর্ভোগে পড়েছেন চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধ্যম নোয়াগাঁও, জমজমনগর, রশীদ আহমদ বাড়ি ও কাদেরনগর এলাকার শত শত পরিবার। এলাকার একমাত্র এই গুরুত্বপূর্ণ সড়কটির একাধিক স্থান ধসে গিয়ে সৃষ্টি হয়েছে বিশালাকার গর্তের। একই সাথে ডংছড়ি ছড়ার ওপর নির্মিত অস্থায়ী কাঠের সেতুটি ভেঙে পানির স্রোতে ভেসে যাওয়ায় পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
ধসে পড়া সড়কটির দ্রুত টেকসই সংস্কার এবং কালভার্ট নির্মাণের দাবিতে শুক্রবার (২৪ জুলাই) সকালে ক্ষতিগ্রস্ত রশীদ আহমদ বাড়ি সংলগ্ন সড়কে সর্বস্তরের ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ১,৮৫০ ফুট দীর্ঘ (প্রস্থ ১২ ফুট) এবং উত্তর-দক্ষিণের ২৫০ ফুট দীর্ঘ (প্রস্থ ১০ ফুট) কাঁচা সড়কটি দীর্ঘ ১৮ বছর ধরে চরম অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। এর আগে স্থানীয় বাসিন্দারা পৌর প্রশাসক ও উপজেলা প্রশাসনের নিকট সড়কটি দ্রুত সংস্কারসহ ১টি ব্রিজ এবং ২টি কালভার্ট নির্মাণের জন্য লিখিত আবেদন জানিয়েছিলেন। তবে দীর্ঘদিনেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সাম্প্রতিক ভারী বর্ষণে পুরো যোগাযোগ ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে পড়ে।
রাঙ্গুনিয়া পৌরসভা ১ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন মানিকের পরিচালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন— মোহাম্মদ রিয়াজ, মো. ইলিয়াস সওদাগর, মোহাম্মদ ফয়েজ, মো. নুরুল আলম, মো. হিরণ, মোহাম্মদ নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম আলমগীর, মোহাম্মদ আব্দুস সাত্তার, মো. রহমান, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ জসিম, মোহাম্মদ জামাল উদ্দিন, আরজু, আনোয়ার হোসেন, খোরশেদ আলম ও মোহাম্মদ জিসানসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং ভুক্তভোগী সর্বস্তরের সাধারণ জনগণ।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কটি ধসে যাওয়ায় অত্র এলাকার প্রায় ২৫০ থেকে ৩০০টি পরিবারের নিত্যদিনের যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে। বর্তমানে কোনো যানবাহন চলাচল দূরে থাক, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচল করাও অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। সড়ক ও ব্রিজের বেহাল দশায় স্থানীয় বাসিন্দারা মসজিদে জামাতে নামাজ পড়তে যেতে পারছেন না। সবচেয়ে করুণ অবস্থায় পড়েছেন জরুরি চিকিৎসাসেবার প্রয়োজন হওয়া অসুস্থ রোগী এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার কোমলমতি ছাত্র-ছাত্রীরা। তাই অবিলম্বে জনস্বার্থে সড়কটি সংস্কারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আকুল দাবি জানান তাঁরা।