অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয়’ নির্বাচনি ঐক্য থেকে খেলাফত মজলিস সরে দাঁড়ানোর পর রাজনৈতিক অঙ্গনে নতুন গুঞ্জনের সৃষ্টি হয়েছে। জোটের অন্যতম শরিক বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিও ঐক্য ছাড়তে পারে—এমন আলোচনা ছড়িয়ে পড়লেও দলটি তা নাকচ করেছে। দলটির দাবি, তারা এখনো জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সঙ্গেই রয়েছে।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এ বিষয়ে বলেন, তাদের দল ১১ দলীয় ঐক্য ছাড়ছে বলে যে গুঞ্জন ছড়িয়েছে, তার কোনো সত্যতা নেই। তিনি জানান, খেলাফত মজলিস জোট ছাড়ার খবর তারা শুনেছেন, তবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এখনো ঐক্যে বহাল রয়েছে।
এর আগে শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ বৈঠকে ১১ দলীয় ঐক্য থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ দলীয় ঐক্য মূলত একটি নির্বাচনি সমঝোতা ছিল। নির্বাচন শেষ হওয়ায় সেই সমঝোতার কার্যকারিতাও শেষ হয়েছে। ফলে এখন থেকে জোটের সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকবে খেলাফত মজলিস। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে বৃহত্তর কোনো ঐক্যের প্রয়োজন হলে বিষয়টি বিবেচনা করা হবে।
এরও আগে গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জোটকে জানিয়ে দেয়, ভবিষ্যতে কোনো সমাবেশের ব্যানার বা প্রচারণায় তাদের দল কিংবা নেতাদের নাম ব্যবহার না করার জন্য। পরে রংপুরের একটি সমাবেশে নাম ব্যবহার করা হলে আপত্তির মুখে তা প্রত্যাহার করা হয়।
খেলাফত আন্দোলন এবং খেলাফত মজলিসের ১১ দলীয় ঐক্য ত্যাগের ঘোষণার পর জোটের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় শরিক অন্যান্য দলের অবস্থান নিয়েও নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা জোটেই রয়েছে।
এদিকে, খেলাফত আন্দোলন ও খেলাফত মজলিসের জোট ত্যাগের ঘোষণার পর সৃষ্ট পরিস্থিতি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি জামায়াতে ইসলামী। নেজামে ইসলাম পার্টির সম্ভাব্য জোটত্যাগের বিষয়ে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম বলেন, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
খেলাফত মজলিসের জোট ত্যাগের বিষয়ে জামায়াতের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি লিয়াজোঁ কমিটির বৈঠকে আলোচনা করে জানানো হবে।
উল্লেখ্য, সম্প্রতি হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর উদ্যোগে কওমি ধারার কয়েকটি ইসলামি দলের শীর্ষ নেতাদের বৈঠকের পর থেকেই ১১ দলীয় নির্বাচনি ঐক্যের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। এর মধ্যে খেলাফত আন্দোলন ও খেলাফত মজলিসের জোট ত্যাগের ঘোষণার পর শরিক দলগুলোর অবস্থান নিয়ে নতুন করে জল্পনা-কল্পনা দেখা দিলেও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি স্পষ্টভাবে জানিয়েছে, তারা এখনো ১১ দলীয় ঐক্যের অংশ হিসেবেই রয়েছে।