মোস্তাক আহমেদ মনির, নিজস্ব প্রতিবেদক, জামালপুর:
রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। ঘোষিত এ তালিকায় সহকারী অ্যাটর্নি জেনারেল পদে পুনরায় নিয়োগ লাভ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. ফারুক হোসেন তপাদার।
এর আগে ২০২৫ সালের ৪ নভেম্বর তিনি প্রথম সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন। রাষ্ট্রের পক্ষে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ সাংবিধানিক, দেওয়ানি ও ফৌজদারি মামলায় দায়িত্ব পালনে দক্ষতার ধারাবাহিকতায় তাঁকে পুনরায় এ পদে স্থলাভিষিক্ত করা হলো।
অ্যাডভোকেট ফারুক হোসেন তপাদার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৩ সালে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ২০১৭ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি পান। দীর্ঘ পেশাগত জীবনে তিনি সাংবিধানিক, দেওয়ানি, ফৌজদারি, ভূমি, প্রশাসনিক, ব্যাংকিং ও করপোরেট আইনসংক্রান্ত বিষয়ে দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করে পেশাগত অঙ্গনে বিশেষ সুনাম অর্জন করেছেন। পূর্বে তিনি প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে সরকারপক্ষের আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আইন পেশার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। শিক্ষা সহায়তা প্রদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং ক্রীড়া কার্যক্রমে তিনি নিয়মিত সম্পৃক্ত থাকেন। বর্তমানে তিনি 'বাংলাদেশ ওয়াকিং ক্লাবের' সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, যেটির মাধ্যমে নিয়মিত হাঁটার অভ্যাস ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে তাঁর পুনঃনিয়োগে আইনজীবী অঙ্গন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং তাঁর নিজ এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক সন্তোষ ও আনন্দ প্রকাশ করা হয়েছে। তাঁরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, তিনি ভবিষ্যতেও রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিতকরণে জোরালো ভূমিকা পালন করবেন।