ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০৯ অগাস্ট ২০২৬,  ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ বছরের বঞ্চনা কাটিয়ে বগুড়ার ন্যায্য উন্নয়ন নিশ্চিতের প্রত্যয় তিন মন্ত্রীর আ.লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: সালাহউদ্দিন আহমদ মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা রবিবার কক্সবাজার ও চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কেনায় ভারত-চীনের ওপর ১০০% শুল্কের মার্কিন বিল পাস রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক: মার্কিন সিনেটে বিল পাস ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে পাঠানোর আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও রাখা হয় টিএফআই সেলে: চিফ প্রসিকিউটর


  • আপলোড সময় : শনিবার ০১ আগস্ট, ২০২৬ সময় : ৩:৫৮ পিএম

র‍্যাব-১ কার্যালয়ের গোপন বন্দিশালা ‘টিএফআই সেল’-এ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে একটি কক্ষে আটকে রাখা হয়েছিল এবং পরে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। শনিবার (১ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের নিয়ে র‍্যাব-১ এর টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, তদন্তে পাওয়া তথ্য ও ভুক্তভোগীদের বর্ণনার ভিত্তিতে সংশ্লিষ্ট কক্ষটি শনাক্ত করা হয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যবিধির রুল ৪৬এ, রোম সংবিধির সংশ্লিষ্ট বিধান এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচারকদের ঘটনাস্থল পরিদর্শনের সুযোগ রয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই বিচারিক পরিদর্শনের অনুমতি দিয়েছেন। এতদিন ‘আয়নাঘর’ নিয়ে বিভিন্ন আলোচনা হলেও বিচারকদের শুধু নথি বা সাক্ষ্যের ওপর নির্ভর না করে ঘটনাস্থল সরেজমিনে দেখানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিদর্শনের পর্যবেক্ষণ একটি মেমোরেন্ডামে লিপিবদ্ধ হবে, যা মামলার বিচারিক নথির অংশ হিসেবে সংরক্ষিত থাকবে।

পরিদর্শনে ভবনের ভেতরে মোট ২২টি ছোট-বড় কক্ষের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানান চিফ প্রসিকিউটর। কয়েকটি কক্ষ এতটাই ছোট যে সেখানে একজন মানুষের স্বাভাবিকভাবে শুয়ে থাকাও সম্ভব নয়। এসব কক্ষে ব্যক্তিদের হাত ও চোখ বেঁধে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর আটকে রেখে নানা নির্যাতন চালানো হতো বলে তদন্তে সাক্ষ্য পাওয়া গেছে। পরে অনেককে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হলেও অনেকে আর ফিরে আসেননি। এখন পর্যন্ত বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ প্রায় আড়াই শতাধিক গুম হওয়া ব্যক্তির কোনো সন্ধান মেলেনি। ভুক্তভোগীদের বর্ণনার সঙ্গে মিলিয়ে ব্যারিস্টার আরমান ও সালাহউদ্দিন আহমেদকে রাখা কক্ষগুলো শনাক্ত করা হয়েছে।

চিফ প্রসিকিউটর আরও জানান, র‍্যাব-১ এর টিএফআই সেল পরিদর্শনের পর ঢাকা সেনানিবাসের ভেতরে ডিজিএফআই-সংশ্লিষ্ট কথিত গোপন আটককেন্দ্র ‘জেআইসি’ পরিদর্শনের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী শনিবার বিচারকেরা সেখানে বিচারিক পরিদর্শনে যাবেন। সংবিধানের ৩৩ অনুচ্ছেদ এবং ফৌজদারি কার্যবিধির ৬১ ও ১৬৭ ধারা অনুযায়ী গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার আইনি বাধ্যবাধকতা থাকলেও এসব ক্ষেত্রে তা মানা হয়নি। ফলে এসব অবৈধ আটক, গুম ও নির্যাতন মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।

পরিদর্শনের সময় দেয়াল তুলে আগের কাঠামো আড়াল করার চেষ্টার আলামত পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তাদের সন্দেহে নতুন দেয়াল অপসারণ করার পর আড়ালে থাকা কক্ষগুলো বেরিয়ে আসে, যার নিচতলায় একটি 'ডেথ সেল' ছিল। আলামত নষ্টের পেছনে জড়িতদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আন্তর্জাতিক মান বজায় রেখে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে বিচার পরিচালনায় প্রসিকিউশন অঙ্গীকারবদ্ধ এবং মাঠপর্যায়ের পাশাপাশি নির্দেষ্টা ও তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দায়ও 'সুপিরিয়র রেসপনসিবিলিটি' নীতির আওতায় বিবেচনা করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর