চট্টগ্রাম প্রতিনিধি
কক্সবাজার থেকে মোটরসাইকেলে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে আসার সময় এক সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে চট্টগ্রামের পটিয়া এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে প্রায় ৩ কোটি টাকা বাজারমূল্যের আনুমানিক ১ লাখ পিস ইয়াবা এবং চোরাচালানে ব্যবহৃত পাঁচটি দ্রুতগামী মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজারের রামুর ঘোনারপাড়ার মো. বশির (৩৮) ও মো. হোসেন (৩৭), সদর উপজেলার মানুনপাড়ার বেলাল উদ্দিন (৩২), ঈদগাঁওয়ের মধ্যম নাপিতখালীর নুরুল মোস্তফা (২৭), রামুর আমতলীয়া পাড়ার মো. সাইফুল (২৪) এবং পশ্চিম মেরংলোয়ার মো. হাসান (৩৯)। তাদের সবার বসতি কক্সবাজারের বিভিন্ন এলাকায়।
র্যাব সূত্রের বরাতে জানা যায়, আন্তর্জাতিক ও আন্তঃজেলা সিন্ডিকেটের একটি বাইকার দল মোটরসাইকেল নিয়ে বিপুল চালানের মাদকসহ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে—এমন গোপন খবর পায় র্যাবের একটি বিশেষ আভিযানিক দল। সংবাদের ভিত্তিতে পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীত পাশে সুলতান হোটেলের সামনে তড়িঘড়ি একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। কিছুক্ষণ পরই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন পাঁচটি মোটরসাইকেল সেখানে পৌঁছালে র্যাব সদস্যরা সেগুলোর গতিরোধ করে তল্লাশি চালান।
তল্লাশি চালিয়ে বাইকের বক্সে রাখা কাঁধের ব্যাগের ভেতর থেকে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মুড়ে রাখা ১ লাখ ইয়াবার বড় একটি চালান উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ চক্র গঠন করে বাইকের আড়ালে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে মাদক পৌঁছে দিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ পাচারের দায় স্বীকার করেছে। উদ্ধার করা ইয়াবা ও ব্যবহৃত মোটরসাইকেল জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
আকাশজমিন / আরআর