সিরাজগঞ্জ প্রতিনিধি / : 40
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক বিশেষ অভিযান চালিয়ে ১০৪ বোতল অবৈধ স্ক্যাফসহ (মাদক) মোছা. রাশেদা টুলু (৬৩) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উল্লাপাড়া মডেল থানার পাইকপাড়া মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত রাশেদা টুলু পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার গাঙমাতাল গ্রামের মৃত মোকছেদ প্রামাণিকের মেয়ে ও মৃত আয়নাল হকের স্ত্রী।
র্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল পাইকপাড়া মোড়স্থ মো. গোলাম মোস্তফার চায়ের দোকানের সামনের পাকা সড়কে অবস্থান নেয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে উক্ত নারীর কাছ থেকে ১০৪ বোতল স্ক্যাফ জব্দ করা হয় এবং তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নারী স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্ক্যাফ নিজের হেফাজতে রেখে সিরাজগঞ্জ ও পার্শ্ববর্তী জেলাগুলোর বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিলেন। ঘটনার সঙ্গে অন্য কোনো মাদকচক্রের সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে র্যাব।
এ বিষয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছে পুলিশ।