মোহাম্মদ বাকী অনিক, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা নগরী ও এর পার্শ্ববর্তী এলাকায় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে চরম গ্যাস সংকট। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কুমিল্লা নগরীতে নতুন কোনো গ্যাস সংযোগ দিচ্ছে না, আর এর মাঝেই বিদ্যমান সংযোগগুলোতে মিলছে কেবল নামমাত্র গ্যাস। অথচ প্রাকৃতিক গ্যাসের খনিতে সমৃদ্ধ কুমিল্লা অঞ্চল। সঠিক ও সময়োপযোগী গ্যাস উত্তোলন ব্যবস্থাপনা এবং সুদূরপ্রসারী উদ্যোগের অভাবে প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
গ্যাসের এমন সংকটে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়দের জনজীবন। প্রাত্যহিক রান্নাবান্নার জন্য গ্যাসের ওপর নির্ভরশীল গ্রাহকরা বাসাবাড়িতে সংযোগ থাকা সত্ত্বেও বিকল্প হিসেবে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে বাধ্য হচ্ছেন। এতে রান্নায় যেমন সময় ও অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে, ঠিক তেমনি বিদ্যুতের ওপর চাপ আশঙ্কাজনকভাবে বাড়ছে; যা ভবিষ্যতে বিদ্যুৎ সংকটের ঝুঁকি তৈরি করছে।
এই বিজ্ঞপ্তি প্রকাশের পর মঙ্গলবার (৪ আগস্ট) ভোর থেকেই কুমিল্লা শহরের প্রায় প্রতিটি অঞ্চলে গ্যাসের চরম স্বল্পচাপ দেখা দেয়। বাসাবাড়ির রান্নাঘরে মিটমিট করে জ্বলছে গ্যাসের চুলা, কোথাও কোথাও তা একদমই বন্ধ। গ্রাহকদের দাবি, সরকার যেন অবিলম্বে যথাযথ ও স্থায়ী উদ্যোগ গ্রহণের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় এবং দ্রুত এলএনজি সরবরাহ বাড়িয়ে এই সংকট থেকে মুক্তি দেয়।