অনলাইন রিপোর্টার:
দীর্ঘদিন ধরে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ পুলিশের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে সরকার। বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক ছয়টি প্রজ্ঞাপনে এই বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার ও বর্তমানে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত বিপ্লব কুমার সরকার, একই পদমর্যাদার কর্মকর্তা ও বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সুদীপ কুমার চক্রবর্তী, ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও বর্তমানে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসাইন, ডিএমপির উত্তরা বিভাগের সাবেক ডিসি ও বর্তমানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত কাজী আশরাফুল আজীম, কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়, সরকারি বিধিমালা ও শৃঙ্ক্ষলা ভঙ্গ করে নির্ধারিত দায়িত্বে অনুপস্থিত থাকায় প্রশাসনিক শৃঙ্খলা রক্ষার্থে সার্ভিস রুলস অনুযায়ী তাদের বিরুদ্ধে এই বরখাস্তের চরম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুথানের মুখে তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই পুলিশ প্রশাসনের বিতর্কিত ও অভিযুক্ত অনেক কর্মকর্তা আত্মগোপনে চলে যান। ধারণা করা হচ্ছে, চাকরিচ্যুত এই ছয় পুলিশ কর্মকর্তা বর্তমানে দেশ ত্যাগ করে পার্শ্ববর্তী দেশে আত্মগোপনে রয়েছেন। তাদের বিরুদ্ধে আনীত প্রশাসনিক ব্যবস্থা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।