চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় যুবদল নেতা পরিচয়ে ৫০ শতাংশ চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে এক প্রকৌশলীসহ তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনা তদন্তে পুলিশ উপস্থিত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনেই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের ওপর ফের হামলা চালানো হয়।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আনোয়ারায় অবস্থিত ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেডের (ইউসিপিএল) প্রকল্পের বাইরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম আলী হোসেন।
হামলায় গুরুতর আহত হয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এফএম এন্টারপ্রাইজের প্রকৌশলী শাহরিয়ার আমির ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশীদার ও স্থানীয় সংবাদকর্মী জিন্নাত আইয়ুবও হামলার শিকার হন।
আহত প্রকৌশলী শাহরিয়ার আমির জানান, আলী হোসেন দীর্ঘদিন ধরে নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে তাদের কাছে ব্যবসার ৫০ শতাংশ চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় বুধবার সকালে আলী হোসেনের নেতৃত্বে একদল সশস্ত্র লোক পথ আটকে তাদের ওপর হামলা চালায়। পরে কর্ণফুলী থানাকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে আসে, কিন্তু পুলিশের উপস্থিতিতেই হামলাকারীরা আবারও তাঁদের বেধড়ক মারধর করে।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রশাসন সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। তবে ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত আলী হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে হামলার চেষ্টা চালায়, যা পুলিশ দ্রুত নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যুবদল নেতা পরিচয়ে চাঁদা দাবির ঘটনায় স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আলী হোসেন নামের কোনো বিএনপি কর্মীকে আমি চিনি না। আপনারা তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিন।’