নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভাসমান লাশটির একটি অংশ গুইসাপ খাচ্ছে—এমন একটি বীভৎস ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নতুন বাজার এলাকার একটি নির্জন ডোবায় অজ্ঞাতপরিচয় লাশটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এ সময় মরদেহটির কিছু অংশ গুইসাপে খাচ্ছিল। দৃশ্যটি দেখার পর স্থানীয় লোকজন রূপগঞ্জ থানা-পুলিশকে খবর দেন। এদিকে গুইসাপে মরদেহ খাওয়ার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমান।
খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে স্থানীয় একজন ডোমের সহায়তায় ডোবা থেকে অর্ধগলিত মরদেহটি তোলা হয়। ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদনের জন্য লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানা-পুলিশ জানায়, মরদেহটি মারাত্মকভাবে পচে-গলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় ও বয়স শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরিচয় চিহ্নিত করতে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। প্রযুক্তি ও আঙুলের ছাপের (ফিঙ্গারপ্রিন্ট) মাধ্যমে পরিচয় সনাক্তের চেষ্টা চালানো হবে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু—ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।