ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬,  ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে ভ্যানের চাপায় ২ বছরের শিশুর করুণ মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬ সময় : ৭:০৯ পিএম

নড়াইল সদর উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানের চাপায় সূর্য দাস নামের মাত্র দুই বছরের এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মুলিয়া-বাহিরগ্রাম আঞ্চলিক সড়কের কোড়গ্রাম এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু সূর্য দাস কোড়গ্রামের সুমন দাসের ছেলে। তারা ওই এলাকার আবাসন প্রকল্পের সরকারি ঘরে বসবাস করে আসছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাহিরগ্রাম এলাকা থেকে মুলিয়াগামী একটি যাত্রী ও পণ্যবাহী ব্যাটারিচালিত ভ্যান কোড়গ্রাম এলাকায় এসে পৌঁছায়। ওই সময় শিশু সূর্য দাস অসাবধানতাবশত সড়ক পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগতির ভ্যানটির নিচে চাপা পড়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।


দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত স্বজনদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর