ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

২৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ

জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন: বগুড়ায় নতুন আশা


  • আপলোড সময় : সোমবার ১৭ আগস্ট, ২০২৬ সময় : ৮:৫১ এএম

বগুড়া প্রতিনিধি 

বগুড়ায় জ্বালানি ছাড়াই আধুনিক ফ্লাইহুইল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের এক অভিনব ও সম্ভাবনাময় উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের এরুলিয়ার বামদিঘী এলাকায় পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তির সাহায্যে সফলভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। এই সাফল্যের ওপর ভিত্তি করে এবার ২৫ কোটি টাকা ব্যয়ে ১ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি পূর্ণাঙ্গ বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনীয় অর্থায়ন এবং আধুনিক প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা গেলে দেশের প্রচলিত বিদ্যুৎ খাতের তুলনায় অনেক কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা যাবে, যা জাতীয় জ্বালানি খাতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।


সম্প্রতি এরুলিয়ার বামদিঘী এলাকায় স্থাপিত এই পরীক্ষামূলক ফ্লাইহুইল বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট সরেজমিনে পরিদর্শন করেছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।


পরিদর্শনকালে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ও মোটর চালু করে পুরো প্রযুক্তিটির কার্যকারিতা বিশদভাবে প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত সকলের সামনে দুটি পানির পাম্প ও একটি ওয়েল্ডিং মেশিন সফলভাবে চালিয়ে ফ্লাইহুইল প্রযুক্তির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার বাস্তব প্রমাণ দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আরও কিছু প্রয়োজনীয় ও অত্যাধুনিক যন্ত্রপাতি যুক্ত করতে পারলে এই পরীক্ষামূলক ব্যবস্থাটিকে পুরোপুরি বাণিজ্যিক ও পূর্ণাঙ্গ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে রূপান্তর করা সম্ভব হবে।


আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক জানান, ২০০৪ সাল থেকে এই প্রযুক্তি নিয়ে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে কাজ শুরু হয়। পরবর্তীতে ২০১০ সালের পর গবেষণায় নতুন সম্ভাবনার মুখ দেখা যায়। বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের একাধিক উন্নত দেশে ফ্লাইহুইল প্রযুক্তির বহুল ব্যবহার রয়েছে।


তিনি আরও উল্লেখ করেন, বিশ্বব্যাপী চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে কোনো ধরনের জ্বালানি ব্যবহার না করে কীভাবে বিকল্প উপায়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়, মূলত সেই ভাবনা থেকেই ফ্লাইহুইল প্রযুক্তি নিয়ে তাদের এই গবেষণা। বর্তমানে ৫০০ কিলোওয়াট ক্ষমতার দুটি মোটর চালু করে সফলভাবে বিভিন্ন পরীক্ষা চালানো হয়েছে।


প্রাথমিক হিসাব অনুযায়ী, ফ্লাইহুইল প্রযুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ পড়বে মাত্র ১ টাকা ৫০ পয়সার মতো। আরডিএ প্রাঙ্গণে ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ২৫ কোটি টাকা ব্যয়ে একটি পূর্ণাঙ্গ প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে। এই সমপরিমাণ বিদ্যুৎ সার্বক্ষণিকভাবে সৌরবিদ্যুতের মাধ্যমে উৎপাদন করতে গেলে ১০০ কোটি টাকারও বেশি খরচের প্রয়োজন হয়। উপরন্তু, এই প্রযুক্তির প্রধান সুবিধা হলো এটি আবহাওয়া কিংবা সূর্যালোকের ওপর কোনোভাবেই নির্ভরশীল নয়। প্রকল্পটি ইতোমধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি জলবায়ু ট্রাস্টেও জমা দেওয়া হয়েছে।


আরডিএর উপপরিচালক কৃষিবিদ ইঞ্জিনিয়ার ড. মনিরুল ইসলাম জানান, ২০১৪ সাল থেকে এটি নিয়ে দীর্ঘ গবেষণার পর অর্থসংকটে কাজ কিছুটা মন্থর হলেও পরবর্তীতে আরডিএর সার্বিক সহায়তায় এটি পুনরায় গতি পায়। ২০২৫ সাল থেকে এর কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালিত হচ্ছে।


পরিদর্শন শেষে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কম খরচে বিদ্যুৎ উৎপাদনের এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সর্বাত্মক সরকারি সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন। প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা গেলে তা বগুড়ার মেশিনারি শিল্পের পাশাপাশি পুরো দেশের বিদ্যুৎ খাতে এক বিপ্লব ঘটাতে পারে।



এ সম্পর্কিত আরো খবর