চট্টগ্রামের হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে এক তরুণকে তাড়া করে গুলি চালিয়ে পালিয়ে গেছে একদল অস্ত্রধারী। আজ সোমবার বিকেল চারটার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ তরুণের নাম মুহাম্মদ আরাফাত (২৬)। তিনি পাশ্ববর্তী বুড়িশ্চর ইউনিয়নের আব্দুর রশিদ টেন্ডলের বাড়ির বাসিন্দা। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় সূত্র জানায়, মদুনাঘাট বাজার এলাকা থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে তাড়া করে। সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় গিয়ে তাঁকেই লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতকারীরা। হঠাৎ গুলির শব্দে গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা সটকে পড়ে। স্থানীয় বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় দক্ষিণ মাদার্শা ইউপির সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের কর্মকর্তা জানান, আহত আরাফাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর মুখে ছররা বা রাবার বুলেটের আঘাত লেগেছে, তবে জখম গুরুতর নয়। মদুনাঘাট পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি জড়িতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে।