২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত চারদিনের যুদ্ধ নিয়ে সম্প্রতি ভারতে নির্মিত এক ডকুমেন্টারির তীব্র সমালোচনা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। 'অপারেশন সিঁদুর' নামের এই তথ্যচিত্রটিকে সত্য গোপন করার অপচেষ্টা, মনগড়া এবং বলিউড সিনেমার আদলে তৈরি ইতিহাস বিকৃতি বলে অভিহিত করেছে তারা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে পাকিস্তানি সেনাবাহিনী জানায়, ভারত তাদের সামরিক ব্যর্থতা ও পরাজয় ঢাকতে পছন্দমতো ইতিহাস সাজানোর চেষ্টা করছে। তাদের মতে, ভারতের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে তৈরি এই ডকুমেন্টারিতে সাজানো সাক্ষাৎকার, আবেগঘন বর্ণনা ও সিনেমাটিক নাটকীয়তা ব্যবহার করা হয়েছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মেলবন্ধন নেই।
বিবৃতিতে পেহেলগাম হামলা ও ভারত সরকারের পরবর্তী দাবির মধ্যকার অসঙ্গতি তুলে ধরে পাক বাহিনী। এতে বলা হয়, ডকুমেন্টারিতে ভারতের সাফল্যকে একতরফাভাবে ১০০ শতাংশ দাবি করা হলেও বাস্তবতা ছিল ভিন্ন। যুদ্ধের সময় পাকিস্তানের বাহিনী ভারতের আক্রমণ প্রতিরোধ করে এবং ৮টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়। পরবর্তীতে পাকিস্তান 'অপারেশন বুনিয়ানুম মারসুস' চালিয়ে ভারতের ২৬টি সামরিক ঘাঁটিতে নিখুঁত রকেট, মিসাইল ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালায়।
পাক সেনাবাহিনী উল্লেখ করে, ভারতীয় কর্মকর্তাদের বক্তব্যেই ফুটে উঠেছে যে সীমান্তে টানা যুদ্ধ হয়েছে এবং পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের জবাবে ভারতকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে হয়েছে। ফলে ভারতের একক আধিপত্যের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
দুই দেশের সামরিক প্রধানদের (ডিজিএমও) আলোচনা এবং যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি অর্জিত হয় বলে উল্লেখ করে পাকিস্তান। কোনো একতরফা জয় দিয়ে যুদ্ধ শেষ হয়নি জানিয়ে পাকিস্তানি বাহিনী সতর্ক করে, সিনেমাটিক নাটক বা মিথ্যাচার তৈরি করে ইতিহাসের সত্যকে মুছে ফেলা যাবে না। তবে অঞ্চলে শান্তি বজায় রাখার পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান প্রস্তুত রয়েছে। সূত্র: টিআরটি।