ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) প্রধানমন্ত্রী মাসরুর বারজানির কার্যালয় লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। তবে আকস্মিক এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (১৭ আগস্ট) কেআরজির নিরাপত্তা বিষয়ক সংস্থার এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ড্রোন দুটি ইরানের ভূখণ্ড থেকে কেআরজি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে ছুঁড়ে মারা হয়েছিল। তবে ড্রোন দুটি সরাসরি কার্যালয়ে আঘাত হানতে পেরেছে কি না সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কেআরজি প্রধানমন্ত্রী মাসরুর বারজানি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সরাসরি এক বড় ধরনের হুমকি এবং বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি করবে। কুর্দিস্তান কাউন্টার টেরোরিজম ইউনিটের তদন্তের বরাতে তিনি আরও জানান, মূলত তাঁর ব্যক্তিগত কার্যালয় এবং এই অঞ্চলের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানের বাসভবনকে লক্ষ্যবস্তু করেই এই হামলা পরিচালিত হয়েছিল।
উল্লেখ্য, ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরেই ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের বিরুদ্ধে ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে আসছে। তবে কুর্দি কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, প্রতিবেশীদের হুমকির মুখে ফেলে এমন কোনো কর্মকাণ্ডে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হয় না। এর আগেও ইরাকের কুর্দিস্তান অঞ্চলে একাধিক ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে, যা স্থানীয় জ্বালানি উৎপাদন ও নিরাপত্তার ওপর বড় ধরনের আঘাত হানে।