হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ ও যুক্তরাষ্ট্র-ইরান মধ্যকার চলমান সংঘাতের জেরে এবার মধ্যপ্রাচ্যের দেশ ওমানকে লক্ষ্য করে তীব্র বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুশিয়ারি দেন। একই সঙ্গে সংঘাত এড়িয়ে ইরানকে আত্মসমর্পণেরও আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ওমান ও ইরানের মধ্যবর্তী কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ভবিষ্যৎ নির্ধারণী আলোচনায় ওমান যদি বাধা হয়ে দাঁড়ায়, তবে তাদের ওপর তীব্র বোমা হামলা চালানো হবে। ট্রাম্প জোর দিয়ে দাবি করেন, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের প্রধান এই রুটের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে। এমনকি গত শুক্রবার এক বক্তব্যে তিনি এটিকে মার্কিন ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করারও ইঙ্গিত দিয়েছিলেন।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওমানি কর্মকর্তাদের সঙ্গে তারা যৌথ ঘোষণার লক্ষ্য নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই ইরান তাদের কৌশলগত সুবিধার্থে ও দর-কষাকষির প্রধান হাতিয়ার হিসেবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন পথকে কার্যকরভাবে সংকুচিত করে রেখেছিল। ট্রাম্পের হুমকির জবাবে তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এই নৌপথ কেবলই ইরানের নিয়ন্ত্রণে থাকবে।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও উল্লেখ করেন, ইরানি রেভোলিউশনারি গার্ডের সঙ্গে মার্কিন প্রশাসনের একটি গোপন ও সরাসরি যোগাযোগমাধ্যম রয়েছে। তবে আমেরিকানদের মধ্যে মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে যুদ্ধবিরোধী মনোভাব জোরদার হলেও এবং এই যুদ্ধ জনপ্রিয়তা হারালেও ইরানের সঙ্গে কোনো চুক্তি সইয়ে তাঁর প্রশাসন তাড়াহুড়ো করবে না বলে জানান তিনি।