ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু ১ নভেম্বর কাল প্রকাশ হবে এইচএসসি রেজাল্ট, অনলাইনে জানবেন যেভাবে শনিবার বিক্ষোভ সামাল দিতে প্রস্তুত ফ্রান্সের ৭০ হাজার পুলিশ ভারতে ছয় আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ, বিধ্বস্ত হওয়ার আশঙ্কা ঝুলে গেল ইসরায়েলের নির্বাচন: রাজনৈতিক সংকটের আড়ালে হাসছেন নেতানিয়াহু তাহসিফ হত্যা রহস্য: দীপের এলোমেলো বক্তব্যে ঘনীভূত হচ্ছে ধোঁয়াশা কলাবাগানে ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে আটক করল পুলিশ সাইকেলে ১৯১ দেশ ভ্রমণ: সোমেন দেবনাথের অনন্য কীর্তি নম্বরপ্লেটবিহীন বাইক উদ্ধার ও দীপের তথ্যে তাহসিফ মৃত্যুর তদন্তে নতুন মোড়

তাহসিফ হত্যা রহস্য: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই


  • আপলোড সময় : শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬ সময় : ২:১৭ পিএম

স্টাফ রিপোর্টার

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট এম তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে। নিখোঁজ হওয়ার আগে দীর্ঘ সময় ধরে তাহসিফের সঙ্গে থাকা তার এক ‘জুনিয়র বন্ধু’ দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। নিখোঁজের দিন জীবনের শেষ মুহূর্তে প্রায় ছয় ঘণ্টা তাহসিফের সঙ্গে সময় কাটিয়েছিলেন এই দীপ, যা এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার বাবর রোডের বি ব্লকের একটি আবাসিক ভবনের তৃতীয় তলা থেকে দীপকে নিয়ে যান পিবিআই ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দীপ ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে। পরবর্তীতে পিবিআই থেকে পাঠানো এক সংবাদ বার্তায় নিশ্চিত করা হয় যে, প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য দীপকে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আনা হয়েছে। মূলত তাহসিফ ও দীপ কোথায় কোথায় গিয়েছিলেন এবং তাদের যাতায়াতের উদ্দেশ্য কী ছিল, সেসব তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।


তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তাহসিফ সৌরি নিখোঁজ হওয়ার আগের মুহূর্তের সিসিটিভি ফুটেজে তাকে এক যুবকের সঙ্গে দেখা গিয়েছিল। পরবর্তীতে নিহতের পরিবারের সদস্যরা ওই যুবককে তাহসিফের বন্ধু দীপ হিসেবে নিশ্চিত করেন। ওই ফুটেজে স্পষ্ট দেখা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে তাহসিফের সঙ্গে দীপের দেখা হয়। কুশল বিনিময় ও হাত মেলানোর পর তারা দুটি আলাদা মোটরসাইকেলে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।


পরিবারের ভাষ্য অনুযায়ী, দীপের ফোনের ডাকে সাড়া দিয়েই মূলত তাহসিফ সেদিন বাসা থেকে বের হয়েছিলেন। পরবর্তীতে দীপ দাবি করেছিলেন যে, তাহসিফের মোটরসাইকেলে যান্ত্রিক সমস্যা থাকায় তারা দুজন স্থানীয় একটি ওয়ার্কশপে গিয়েছিলেন। মোটরসাইকেল ঠিক করার পর তারা বাসায় ফিরে একসঙ্গে খাবার খান এবং এরপর দীপ সেখান থেকে চলে যান। তবে তাহসিফের রহস্যজনক নিখোঁজ হওয়া এবং পরবর্তী সময়ে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধারের লোমহর্ষক ঘটনার সঙ্গে দীপের ঠিক কী ধরনের সম্পৃক্ততা বা ভূমিকা রয়েছে, তা সম্পূর্ণভাবে তদন্তসাপেক্ষ এবং পিবিআই তা খতিয়ে দেখছে।


উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিকেল সাড়ে সাড়ে চারটার দিকে তুরাগ নদে একটি মরদেহ ভেসে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে টঙ্গী নদী পুলিশ ফাঁড়ির সদস্যরা রাজাবাড়ী ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করেন। নিহতের হাতের ঘড়ি এবং পকেটে থাকা আইফোনের সূত্র ধরে পরবর্তীতে মরদেহটি নিখোঁজ তাহসিফ সৌরি বলে শনাক্ত করা হয়।


এর পরদিন শুক্রবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। একই দিন বিকেলে উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।


এদিকে তাহসিফের মৃত্যুর কারণ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। নিহতের বাবা কে এম এনায়েতুল করিম তাঁর ছেলের মৃত্যু নিয়ে শুরু থেকেই গভীর সন্দেহ প্রকাশ করে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আশঙ্কা প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন এবং বন্ধু দীপের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ এবং এর সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খুব দ্রুতই পরিষ্কার হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর