বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের অভ্যন্তরীণ ১৫টি অঞ্চলে গভীর রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া বিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়।
পূর্বাভাসে জানানো হয়, রাত ১টার মধ্যে দেশের ১৫টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। প্রভাবিত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে— রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার। উদ্ভূত আবহাওয়া পরিস্থিতির কারণে এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
এদিকে সমুদ্রবন্দরগুলোর জন্য দেওয়া অপর এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটির প্রভাবে উপকূলীয় এলাকায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা উত্তাল রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করার কঠোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী বায়ু ও নিম্নচাপের যৌথ প্রভাবে উপকূলসহ দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।