সংবিধানের বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত চেয়ে করা রিট পিটিশন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশের কথা জানান।
আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। অন্যদিকে রাষ্ট্রপক্ষের পক্ষে যুক্তিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।
এর আগে গত ১৩ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিটটি দায়ের করেছিলেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদের চরম বাধ্যবাধকতার কারণে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত বা ভোট প্রদান করতে পারেন না এবং এর ফলে তাঁদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয় বলে দাবি করা হয়েছিল।
উল্লেখ্য, বাংলাদেশ সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী—কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি উক্ত দল থেকে পদত্যাগ করেন, অথবা সংসদে উক্ত দলের বিরুদ্ধে ভোটদান করেন; তবে সংসদে তাঁর আসন শূন্য হবে। তবে তিনি কেবল সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য বিবেচিত হবেন না।