আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ও সার্বিক প্রস্তুতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইজিপি আলী হোসেন ফকির বলেন, “আমরা আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। বৈঠকে প্রধানত আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সেল গঠন এবং দেশের বিভিন্ন জেলা ও উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।”
আইজিপি আরও জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সারা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে খুব শিগগিরই এই প্রতিবেদন সিইসি’র কাছে হস্তান্তরিত হবে।