রাজধানী ঢাকার বিভিন্ন থানা ও বিভাগীয় এলাকায় পৃথক পৃথক চিরুনি অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান পরিচালনাকালে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি, বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ অপরাধমূলক কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মোট ৫৫টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী অভিযানের এই সার্বিক তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের চিহ্নিত করতে গত ২৪ ঘণ্টায় রাজধানীজুড়ে একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপরাধের ধরন ও এলাকাভিত্তিক বিভিন্ন ইউনিট ও থানা পুলিশ অংশ নেয়।
ডিএমপির প্রদত্ত তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টার অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৪৭ জন, মতিঝিল বিভাগ ৬১ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, মিরপুর বিভাগ ১৫৩ জন, গুলশান বিভাগ ৪৯ জন, উত্তরা বিভাগ ৪১ জন, গোয়েন্দা (ডিবি) বিভাগ ১০ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছে থেকে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে—২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১২ রাউন্ড তাজা গুলি, ১১ কেজি গাঁজা, ১৬ হাজার ২২২ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি সুইচ গিয়ার চাকু, ২টি হ্যান্ডকাফ, ১টি খেলনা পিস্তল, ১টি ইলেক্ট্রিক ট্র্যাকার, ২টি ওয়াকি-টকি, ১টি ডিজিটাল ওয়েট মেশিন, ১৯টি মোবাইল ফোন, বিভিন্ন মোবাইল অপারেটরের ২৮টি সিম কার্ড এবং নগদ ১ হাজার ৪০০ টাকা। একই সঙ্গে পুলিশি অভিযানের সময় অপহৃত ১ জন ভিকটিমকে সফলভাবে উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে নিজ নিজ সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।