খুলনা প্রতিনিধি
ইউসেপ (UCEP) খুলনা রিজিয়নের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সিসিপ-বাইওয়া (SICIP- BEIOA) প্রোগ্রামের উদ্যোগে এক মতবিনিময় ও নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে খুলনা মহানগরীর সোনাডাঙ্গার এম এ বারী রোডে অবস্থিত দ্য গ্র্যান্ড খুলনার সম্মেলনকক্ষে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ নিয়োগকর্তা কমিটি খুলনার সভাপতি এবং বিসিক শিরোমণির মিতালী ফুডস লিমিটেডের পরিচালক ইসতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিসিপ-বাইওয়া প্রোগ্রামের কো-অর্ডিনেটর (TMA) মোহাম্মদ এনামুল হক খান। সভায় সভাপতিত্ব করেন ইউসেপ খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক ব্যবস্থাপক খন্দকার তুহিন আলী।
খন্দকার তুহিন আলী তাঁর স্বাগত বক্তব্যে ইউসেপ বাংলাদেশের প্রতিষ্ঠাতা লিন্ডসে অ্যালান চেইনির অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, ইউসেপ খুলনা অঞ্চলের বিভিন্ন ট্রেড কোর্স থেকে সিসিপ-বাইওয়া প্রোগ্রামের আওতায় মোট ২৭৪ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাঁদের মধ্যে ইতোমধ্যে ২০৮ জন প্রশিক্ষণার্থীর সফল কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
সভায় ইউসেপ খুলনা অঞ্চলের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন টিম লিডার (ইনক্লুশন অ্যান্ড এমপ্লয়মেন্ট) মো. মনিরুজ্জামান। সিসিপ-বাইওয়া প্রোগ্রামের কর্মসংস্থান ও মাঠপর্যায়ের সেবা কার্যক্রম তুলে ধরেন কো-অর্ডিনেটর (JP&D) মো. মহসীন আলী।
উক্ত সভায় মোট ২০টি স্বনামধন্য নিয়োগকর্তা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এর মধ্যে মিতালী ফুডস লিমিটেড, খুলনা আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ লি., ক্রিয়েটিভ ইলেকট্রিক, জুট টেক্সটাইল মিলস লি., বাংলাদেশ এডিবল অয়েল লি., বেক্সিমকো এলপিজি লি., আরএফএল, অটো ডায়নামিক, আদ্-দ্বীন হাসপাতাল ও হ্যামকো ব্যাটারিসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে অংশগ্রহণকারী নিয়োগকর্তারা ইউসেপের প্রশিক্ষণার্থীদের ভূয়সী প্রশংসা করে বলেন, ইউসেপ থেকে আসা কর্মীরা অত্যন্ত আন্তরিক ও মনোযোগী, ফলে তাঁদের সহজেই যেকোনো কাজে সম্পৃক্ত করা যায়। সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ইউসেপের ভূমিকার প্রশংসা করার পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানের বর্তমান চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কোর্স কারিকুলাম অটোমেশন ও যুগোপযোগী করার আহ্বান জানান বক্তারা।
প্রধান অতিথি ইসতিয়াক আহমেদ ইউসেপ ও সিসিপ-বাইওয়া প্রোগ্রামের উদ্যোগের প্রশংসা করেন এবং আধুনিক শিল্পের প্রয়োজনে খুলনায় নতুন ট্রেড কোর্স চালু করার আহ্বান জানান। বিশেষ অতিথি মোহাম্মদ এনামুল হক খান বলেন, বর্তমান যুগে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি দক্ষ মানবসম্পদ তৈরিতে ইউসেপের শিক্ষার্থীদের বেশি বেশি কর্মসংস্থানের সুযোগ দিতে শিল্পমালিকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (JP&D) মো. সাব্বিরুজ্জামান মোড়ল, ইনক্লুশন অ্যান্ড এমপ্লয়মেন্ট কর্মকর্তা আয়েশা সিদ্দিকা হুমায়রা ও মো. ইমরান হোসেন, লিড ট্রেইনার মো. আসাদুজ্জামান ও দীপংকর কুমার এবং ট্রেইনার খাদিজা-তুল-কোবরা।
আকাশজমিন / আরআর