ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ফুলবাড়ীতে বাসের চাকায় পিষ্ট হয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ১৮ আগস্ট, ২০২৬ সময় : ৭:৫৯ পিএম

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে স্কুলে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ফারহানা সাদিকা শিফা (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌরশহরের বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা সাদিকা শিফা ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের ইস্তামুল হক ও রিক্তা বানু দম্পতির মেয়ে। সে স্থানীয় নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা রিক্তা বানু একই প্রতিষ্ঠানে আয়া পদে কর্মরত রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার পথে বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় সড়ক পার হচ্ছিল ফারহানা। এ সময় দিনাজপুর থেকে বিরামপুরগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১২-৩৩১৫।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফারহানাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এদিকে শিশু শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল সোয়া ৯টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর-বগুড়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে তারা বাসচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সড়ক অবরোধের কারণে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও চালকেরা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছানের আশ্বাসে বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ফুলবাড়ী থানার পরিদর্শক (ওসি-তদন্ত) ফেরদৌস আলম জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-ব-১২-৩৩১৫) আটক করে থানায় রাখা হয়েছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।

তিনি আরও জানান, সুরতহাল শেষে নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শিশু শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর