মোঃ সাজ্জাদ হোসেন , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে ৫ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত ক্ষুদে ফুটবলারদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার উজানচর রিয়াজউদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জমজমাট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
মাঠের লড়াইয়ে শিরোপার মুখোমুখি হয় জুনিয়র রাইজিং স্টার এফসি ও জুনিয়র পাওয়ার এফসি। টানটান উত্তেজনাপূর্ণ নির্ধারিত সময়ের খেলায় জুনিয়র রাইজিং স্টার এফসি ১-০ গোলে জুনিয়র পাওয়ার এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন ক্ষুদে ফুটবলার সিয়াম।
ফাইনাল খেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মোঃ সাজ্জাদ হোসেন।
গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক মোঃ আলমগীর হোসেন, রিয়াজউদ্দিন পাড়া যুব সমাজের সমাজসেবক মোঃ জাকির শেখ, মমিন শেখ, সবুর শেখ, বাচ্চু শেখ, মোঃ সাব্বির হোসাইন প্রমুখ।
উল্লেখ্য, রাজবাড়ীর গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি টুর্নামেন্টটি বাস্তবায়নে সার্বিক ভূমিকা পালন করে।