ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬,  ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের হুমকিতে ইরানের হুঁশিয়ারি, এক ফোঁটা তেলও নয় মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ ডিএনএ পরীক্ষায় মিলল পিতৃত্বের প্রমাণ, ফেঁসে গেলেন মাদরাসা শিক্ষক সাগর ছয় মাসে বন্ধ ৯৫ কারখানা, কর্মসংস্থান হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক: সিপিডি রাজধানীতে ৫ হাজারের বেশি ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ . ৯ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের তাণ্ডব: নিহত অন্তত ৪৭ হরমুজ প্রণালিতে ইরানের কড়াকড়ি: ৪৫ জাহাজের পণ্য জব্দের হুঁশিয়ারি ইরানকে একঘরে করতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র

ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসার পথ তৈরি হচ্ছে: অর্থমন্ত্রী


  • আপলোড সময় : সোমবার ২৪ আগস্ট, ২০২৬ সময় : ৯:০৭ পিএম

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অর্থনীতি প্রথমে স্থিতিশীল করা হবে। এরপর ধীরে ধীরে এতে গতি ফিরবে এবং বাংলাদেশ প্রবৃদ্ধির নতুন পর্যায়ে যাবে।

সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচিত গবেষক, উদ্ভাবক ও উদ্যোক্তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্প খাতের সক্ষমতা বাড়ানো, শিল্পভিত্তিক গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের’ অধীনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে গবেষকদের সম্পৃক্ত করার ক্ষেত্রে এটিকে দেশের প্রথম সরকারি উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে শিল্প খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে কার্যকর সমাধান খোঁজার চেষ্টা করা হচ্ছে।

দক্ষতা উন্নয়ন ও শিল্প প্রতিযোগিতা এবং উদ্ভাবন কর্মসূচির অতিরিক্ত সচিব ও নির্বাহী কর্মসূচি পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ বিভাগের সচিব মো. খাইরুজ্জামান মজুমদার।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যে ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, তা পুনরুদ্ধারের কাজ চলছে। এ থেকে বেরিয়ে আসার পথ তৈরি হচ্ছে। আমরা জরুরি পরিস্থিতি মোকাবিলা করছি।’

তিনি বলেন, অর্থনীতিতে যেসব সংস্কার, নিয়ন্ত্রণ শিথিল, নীতিমালা প্রণয়ন ও প্রণোদনার উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোর সুফল ধীরে ধীরে পাওয়া যাবে। এসব পদক্ষেপের পাশাপাশি কর্মসংস্থান বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

কর্মসংস্থান বাড়াতে সারাদেশে দক্ষতা উন্নয়ন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তার প্রত্যাশা, বিভিন্ন উদ্যোগের সমন্বিত বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতি ধীরে ধীরে ভালো অবস্থানে ফিরে যাবে।

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ ওয়ালিদ হোসেন। তিনি জানান, শিল্প খাতের উদ্ভাবনী সমাধানের জন্য মোট ১২৩টি প্রকল্প জমা পড়েছিল। সেসব প্রকল্পের মধ্য থেকে ১২টি প্রকল্প বাছাই করা হয়েছে।

বাছাই করা প্রকল্পের সঙ্গে যুক্ত পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা এক বছর ধরে গবেষণা করবেন। শিল্প খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর কার্যকর সমাধানের পথ বের করাই হবে তাদের গবেষণার অন্যতম লক্ষ্য।

ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন বাংলাদেশ শিল্প গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন উদ্যোগটি বাস্তবমুখী ও শিল্পবান্ধব সমাধান তৈরির লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো, আন্তর্জাতিক সক্ষমতা সুসংহত করা এবং দক্ষ জনশক্তির ভিত্তি শক্তিশালী করার লক্ষ্য রয়েছে। শিল্প খাতের প্রয়োজনের সঙ্গে গবেষণা ও উদ্ভাবনকে যুক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন এশীয় উন্নয়ন ব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাং। তিনি কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের দীর্ঘমেয়াদি ও শক্তিশালী অংশীদারত্ব অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সভায় বিভিন্ন খাতে উদ্ভাবনী গবেষণার জন্য ১২ জনকে অর্থ ও পুরস্কার দেওয়া হয়। শিল্প খাতের বিভিন্ন সমস্যার সমাধানে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনার জন্য তারা এ অর্থ ব্যবহার করবেন।

আয়োজকদের মতে, শিল্পপ্রতিষ্ঠান ও গবেষকদের মধ্যে কার্যকর সংযোগ তৈরি হলে দেশের শিল্প খাতে নতুন উদ্ভাবন বাড়বে। পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতেও এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখবে।


এ সম্পর্কিত আরো খবর