ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার চাঞ্চল্যকর মামলায় গ্রেপ্তারকৃত আসামি জীবন ওরফে আদিলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত রিমান্ডের এ আদেশ প্রদান করেন। এর আগে গত ১৯ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুজ্জামান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করলে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়। শুনানিকালে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের স্বপক্ষে যুক্তি উপস্থাপন করেন। তবে শুনানির সময় আদালতে আসামি পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট শান্তিনগর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে মোহাম্মদপুরের বাসায় ফিরছিলেন অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। পল্টন মডেল থানাধীন শান্তিনগর এলাকায় পৌঁছালে আসামি জীবন ওরফে আদিলসহ ৫ থেকে ৬ জন দুষ্কৃতকারী পূর্বপরিকল্পিতভাবে তার সিএনজির গতিরোধ করে। এ সময় তাকে জোরপূর্বক সিএনজি থেকে টেনেহিঁচড়ে বের করে এনে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে আসামি জীবন ওরফে আদিল তার ডান চোখে তীব্র ঘুসি মেরে রক্তাত ও গুরুতর জখম করে। এ ঘটনায় ১৮ আগস্ট অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করেন।